Homeলিডআদানির পর লার্সেন অ্যান্ড টিউব্রো, শিল্প বিনিয়োগ টানতে বৈঠকে শুভেন্দু
Suvendu Adhikari

আদানির পর লার্সেন অ্যান্ড টিউব্রো, শিল্প বিনিয়োগ টানতে বৈঠকে শুভেন্দু

বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: রাজ্যে শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বড় শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। আদানি গোষ্ঠীর সঙ্গে আলোচনার কয়েক দিনের মধ্যেই এবার লার্সেন অ্যান্ড টিউব্রো (L&T)-র চেয়ারম্যান এস. এন. সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার কলকাতা বিমানবন্দরে প্রায় আধঘণ্টার বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও এলঅ্যান্ডটির চেয়ারম্যান। পরে বৈঠকের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শুভেন্দু জানান, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েই মূলত আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ফিরহাদের ইস্তফার পর মেয়র কে? রবিবার বৈঠক ডাকলেন মমতা

এক্স (প্রাক্তন টুইটার)-এ মুখ্যমন্ত্রী লেখেন, “পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও বৃহৎ বিনিয়োগের অনুকূল পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” তিনি এই বৈঠককে “পশ্চিমবঙ্গের শিল্প পুনর্জাগরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ” বলেও উল্লেখ করেন।

এলঅ্যান্ডটি দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ও প্রকৌশল সংস্থা। রেল, সড়ক, বিদ্যুৎ, নগর উন্নয়ন, প্রতিরক্ষা এবং প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের বিস্তৃত কাজ রয়েছে। ফলে এই বৈঠককে ঘিরে শিল্পমহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে গত বুধবার নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির পুত্র করণ আদানির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে রাজ্যের পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স হাব, বন্দর সংক্রান্ত প্রকল্প এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ নিয়ে আলোচনা হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।

রাজনৈতিক পালাবদলের পর থেকেই নতুন সরকার শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই প্রেক্ষাপটে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলির সঙ্গে একের পর এক বৈঠককে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, বড় শিল্প সংস্থাগুলির বিনিয়োগ এলে শুধু পরিকাঠামো উন্নয়নই নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে রাজ্যের যুব সমাজের জন্য নতুন চাকরির ক্ষেত্র তৈরি হওয়া বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

[youtube-feed feed=1]
Read More

Latest News