নয়াদিল্লি: সংসদে প্রশ্নফাঁস বিরোধী আইন নিয়ে আলোচনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হল রাজনৈতিক আবহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যের বিরুদ্ধে সরব হল বিজেপি (BJP)। দলের নেতা অনুরাগ ঠাকুর রাহুলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন বলে জানা গিয়েছে।
বিজেপির অভিযোগ, সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ করেছেন রাহুল গান্ধী। অনুরাগের দাবি, সংসদের নিয়ম অনুযায়ী কোনও সদস্য সম্পর্কে ব্যক্তিগত মন্তব্য করার আগে তাঁকে জানানো প্রয়োজন। কিন্তু সেই নিয়ম না মেনেই রাহুল মন্তব্য করেছেন। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য রাখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ বিজেপির।
আরও খবর : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬
প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধী কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন। তাঁর বক্তব্য ছিল, আন্দোলনকারী পড়ুয়াদের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। রাহুলের মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় নতুন রাজনৈতিক চাপানউতোর।
যদিও রাহুলের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি কোনও পালটা মন্তব্য করেননি। তবে বিজেপির একাধিক নেতা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। অনুরাগ ঠাকুরের দাবি, বিরোধী দলনেতা হিসেবে রাহুলের বক্তব্যের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। তাঁর মতে, সংসদের মর্যাদা রক্ষার জন্য এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা প্রয়োজন।
অন্যদিকে, বিরোধী শিবিরের বক্তব্য, সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা সংসদীয় গণতন্ত্রের অংশ। তাঁদের দাবি, রাজনৈতিক সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।
রাহুল গান্ধীর বিরুদ্ধে দেওয়া স্বাধিকার ভঙ্গের নোটিস এখন সংসদের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছে। বিষয়টি প্রিভিলেজ কমিটিতে যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা।







