ওয়েব ডেস্ক : রাজ্যসভার পর এবার লোক সভাতেও পাশ হয়ে গেল জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026)। ফলে এবার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জনগণ’র সমমর্যাদা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’ (Vande Mataram)। রাষ্ট্রপতির সম্মতির পর নতুন আইন কার্যকর হলে জাতীয় গানকে অপমান করাও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এই সংশোধনের মাধ্যমে ১৯৭১ সালের জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনের পরিধি বাড়ানো হয়েছে। এতদিন জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতের অবমাননার জন্য শাস্তির বিধান থাকলেও জাতীয় গান সেই তালিকায় ছিল না। নতুন সংশোধনের ফলে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-কেও একই আইনি সুরক্ষার আওতায় আনা হচ্ছে। আইন অনুযায়ী, অপরাধ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকতে পারে।
আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি
লোকসভায় বিলটি পাশের সময় নিট প্রশ্নফাঁস ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দলের সাংসদ সরব হন। প্রশ্নফাঁস রুখতে আনা অন্য একটি বিল নিয়েও আপত্তি জানিয়ে শেষ পর্যন্ত বিরোধীরা ওয়াকআউট করেন। সেই আবহেই ধ্বনি ভোটে পাশ হয় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল।
উল্লেখ্য, ১৮৭৫ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’ (Vande Mataram) রচনা করেন এবং ১৮৮২ সালে ‘আনন্দমঠ’ উপন্যাসে গানটি প্রকাশিত হয়। ১৮৯৬ সালে প্রথমবার গানটি পরিবেশন করেন রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতীক হয়ে ওঠা এই গানকে দীর্ঘদিন ধরেই অধিক আইনি মর্যাদা দেওয়ার দাবি উঠছিল। এবার সেই মর্যাদা পেতে চলেছে ‘বন্দে মাতরম’।







