ওয়েব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) সুবিধা পেতে এবার আর শুধুমাত্র সরকারি অফিসের উপর নির্ভর করতে হবে না। উপভোক্তারা চাইলে নিজেদের স্মার্টফোন থেকেই সেল্ফ সার্ভে (Self Survey) বা স্ব-সমীক্ষা সম্পূর্ণ করতে পারবেন। রাজ্য সরকার জানিয়েছে, আগামী ১৫ অগাস্ট পর্যন্ত এই সমীক্ষা চলবে। যাঁদের পাকা বাড়ি নেই এবং যাঁরা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন, তাঁরা এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে মোট ২ লক্ষ ৩৫ হাজার ৯৫৫টি সেল্ফ সার্ভে (Self Survey) সফলভাবে নথিভুক্ত হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে মালদহে সবচেয়ে বেশি ৫৫,৬৩২টি আবেদন জমা পড়েছে। এরপর রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর। অন্যদিকে, কালিম্পংয়ে সবচেয়ে কম, মাত্র ২৫টি সেল্ফ সার্ভে নথিভুক্ত হয়েছে।
আরও খবর : দু’বছর পরও মেলেনি বিচার, জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ নির্যাতিতার মা
নিজে আবেদন করতে না পারলে পরিবারের সদস্য বা প্রতিবেশীর সাহায্য নেওয়ার সুযোগও রয়েছে। তবে সেল্ফ সার্ভের পাশাপাশি সরকারি দফতরের মাধ্যমেও সমীক্ষার কাজ চলবে। ফলে আবেদনকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী যে কোনও পদ্ধতি বেছে নিতে পারবেন।
সেল্ফ সার্ভে করতে স্মার্টফোনে ‘আবাস প্লাস ২০২৪’ এবং ‘আধার ফেস আরডি’—এই দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। আধার নম্বর দিয়ে নিবন্ধনের পর আবেদনকারী ও পরিবারের সদস্যদের তথ্য, জব কার্ডের বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। পাশাপাশি বর্তমান বাড়ি ও নতুন বাড়ি তৈরির সম্ভাব্য জমির ছবি আপলোড করার পর ‘আপলোড সার্ভে’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পূর্ণ হবে।







