ওয়েব ডেস্ক: বর্ধমানে (Burdwan) জঙ্গি যোগের সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফের অ্যান্টি টেররিজম স্কোয়াড (ATS)। তদন্তকারীদের দাবি, ধৃতের নাম হামিদ মণ্ডল। সে হাওড়ার পিলখানার বাসিন্দা। বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ের একটি জিম থেকে তাঁকে আটক করা হয়। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হবে।
তদন্তকারীদের দাবি, হামিদ জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। প্রায় দু’মাস আগে সে বর্ধমানে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কাশ্মীরভিত্তিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ ছিল হামিদের। পাশাপাশি পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া এবং আইএসআই-ঘনিষ্ঠ হ্যান্ডলার হিসেবে কাজ করার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর : দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, তবু বজ্রবৃষ্টির আশঙ্কা কলকাতাসহ একাধিক জেলায়
সূত্রের খবর, ধৃতের কাছ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিস্তারিত সফরসূচি উদ্ধার হয়েছে। কোথায় সভা রয়েছে, কখন যাতায়াত করবেন, কোথায় গাড়ি রাখা হবে এবং পরবর্তী কর্মসূচি কী, এমন একাধিক তথ্য তাঁর কাছে ছিল বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই তথ্য সংগ্রহের উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করা।
মুখ্যমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন ভিআইপি ব্যক্তির সফরসূচি সংক্রান্ত তথ্য উদ্ধার হয়েছে বলে তদন্তকারীদের দাবি। হামিদ কার নির্দেশে কাজ করছিলেন, তাঁর সঙ্গে আর কারা যুক্ত এবং এর পিছনে কোনও বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এসটিএফ।







