ওয়েব ডেস্ক : মার্চ থেকে জুলাই ২০২৬—এই পাঁচ মাসে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো বড় সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক কনটেন্ট সরানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Goverment)। এমনই নাকি উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সূত্রের খবর, প্রতিদিন গড়ে প্রায় ১,২৭৫টি নির্দেশ পাঠানো হয়েছে। তবে একটি নির্দেশের আওতায় একাধিক পোস্ট, অ্যাকাউন্ট বা কনটেন্ট থাকতে পারে। গত পাঁচ মাসে প্রায় ১.৯৫ লক্ষ কনটেন্ট ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ গড়ে ৬৮ সেকেন্ডে একটি নির্দেশ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে আরটিআই করে পাওয়া কিছু তথ্য় যাচাই করে এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি নির্দেশ গিয়েছে ইনস্টাগ্রামে। প্রায় ১ লক্ষ কনটেন্ট ব্লক করার নির্দেশ পেয়েছে এই প্ল্যাটফর্ম। ফেসবুকের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় ৮০ হাজার। ইউটিউব পেয়েছে প্রায় ১৫ হাজার নির্দেশ। অর্থাৎ মোট নির্দেশের বড় অংশই মেটার দুই প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও ফেসবুককে ঘিরে।
আরও খবর : UGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, ফের পরীক্ষা ইংরেজি, কমার্স ও সমাজবিজ্ঞানের
আগের বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে এই বৃদ্ধির ছবি আরও স্পষ্ট হয়। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ‘সহযোগ’ পোর্টালের মাধ্যমে ১৯টি অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে মাত্র ২,৩১২টি ব্লকিং নির্দেশের তথ্য পাওয়া গিয়েছিল। সেখানে ২০২৬ সালের মাত্র পাঁচ মাসেই তিনটি বড় প্ল্যাটফর্মের ক্ষেত্রে নির্দেশের সংখ্যা প্রায় ১.৯৫ লক্ষে পৌঁছেছে।
সরকারি নজরদারির ক্ষেত্রে ডিপফেক, বিকৃত তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর মেটাকে সরকারের কুইক রেসপন্স টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘সহযোগ’ পোর্টালের মাধ্যমেও দ্রুত কনটেন্ট সরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।







