ওয়েব ডেস্ক : দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় বড় পরিবর্তন হতে চলেছে! কেন্দ্র সরকার সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনের প্রস্তাব প্রস্তাব দিয়েছে। এই সংশোধনী পাশ হলে ভবিষ্যতে নির্দিষ্ট ইউপিআই (UPI) লেনদেনের ক্ষেত্রে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালুর আইনি ভিত্তি তৈরি হবে। তবে এখনও কোনও চার্জ কার্যকর হয়নি বা সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
সূত্রের খবর, আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী ২ হাজার টাকার বেশি UPI লেনদেনের ক্ষেত্রে ০.৩ থেকে ০.৫ শতাংশ পর্যন্ত মার্চেন্ট ডিসকাউন্ট রেট ধার্য হতে পারে। তবে এই চার্জ সাধারণ গ্রাহকদের নয়, মূলত বড় ব্যবসায়ীদের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। যেসব ব্যবসায়ীর বার্ষিক লেনদেন দেড় কোটি টাকার বেশি, তাঁদের এই ব্যবস্থার আওতায় আনার ভাবনা চলছে।
আরও খবর : এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
বর্তমানে ইউপিআই (UPI) লেনদেনে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট নেওয়া হয় না। ফলে পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে সরকারি সহায়তা ও অন্যান্য ব্যবস্থার উপর নির্ভর করতে হয়। ডিজিটাল পেমেন্টের দ্রুত বিস্তারের সঙ্গে এই মডেলের দীর্ঘমেয়াদি আর্থিক টেকসইতা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই নতুন আইনি কাঠামোর ভাবনা সামনে এসেছে বলে মনে করা হচ্ছে।
তবে সাধারণ ইউপিআই (UPI) ব্যবহারকারীদের এখনই উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। প্রস্তাবটি এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। সংসদে সংশোধনী পাশ হওয়া এবং পরে সরকার আলাদা করে সিদ্ধান্ত নেওয়ার পরই মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু করা হবে কি না, তা স্পষ্ট হবে।







