ওয়েব ডেস্ক: বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা এককাট্টা, জানানো হল ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানালেন, এই লড়াইয়ে বিরোধীদের একজোট হয়ে থাকতে হবে। রাহুল বলেন, বিরোধী নেতারা হলেন ভারতীয় সংবিধানের ‘যৌথ রক্ষক’ এবং তাঁরা এ দেশে ‘বড় বদল’ আনবেন।
এদিন দিল্লিতে বৈঠক ছিল বিরোধী জোট বা ইন্ডিয়া জোটের। বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে জানানো হল, ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর এক সপ্তাহ ব্যাপী ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচি পালন করবেন তাঁরা। নির্বাচনে এসআইআর-এর প্রভাব নিয়ে প্রতিবাদ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতেই এই কর্মসূচি।
আরও পড়ুন: মিলন প্রধানের জামিন নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য, সোমবার শুনানি
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ঘোষণা, ২ থেকে ৬ অক্টোবর দলের সমস্ত সদর দফতরে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। ৬ তারিখে সব বিরোধী দলনেতারা নির্বাচন কমিশন দফতরে পদযাত্রা করবেন। এরপর এই বিষয় উত্থাপিত হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। দেশের স্বাধীন প্রতিষ্ঠানগুলির কীভাবে ‘দখল’ নিয়ে নেওয়া হচ্ছে, তা ব্যাখ্যা করা হবে রাষ্ট্রপতির কাছে।
খাড়গে বলেন, “এই লড়াই সমস্ত রাজনৈতিক দল একজোট হয়ে লড়বে বলে কথা হয়েছে।” কংগ্রেস সভাপতি জানিয়েছেন যে, এসআইআর এবং নির্বাচনী অনিয়মের অন্যান্য অভিযোগ সংক্রান্ত সব মামলার শুনানি দ্রুত করার জন্য বিরোধী দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এছাড়া, সারা দেশে ভোট চুরির বিষয়টি তুলে ধরার লক্ষ্যে অক্টোবর ও নভেম্বর মাসে বড় ধরনের জনসভা আয়োজনের পরিকল্পনাও তিনি ঘোষণা করেছেন।
খাড়গের পরে রাহুল গান্ধী বলেন, “ইন্ডিয়া জোটের সমস্ত নেতার ব্যক্তিগত অঙ্গীকার হল, যারা ভারতের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের শাস্তি নিশ্চিত করা হবে। তাঁদের কে কতটা সিনিয়র বা কে কী, সেসব কোনও বিষয় নয়, ভারতের গণতন্ত্র এ দেশের প্রতিটি ব্যক্তির চেয়েও বড়।”







