ওয়েব ডেস্ক : পঞ্চায়েতের পরপর তিনটি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মালদহে (Malda) দুই তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যের পদ খারিজ হল। ঘটনাটি চাঁচল-২ ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের। মঙ্গলবার প্রশাসনের তরফে দুই সদস্যের পদ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঁচল মহকুমায় শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক চর্চা।
প্রশাসন সূত্রে খবর, পদ খারিজ হওয়া দুই সদস্য হলেন দুর্গাপুরের ৮৪ নম্বর বুথের সুমন বিবি এবং ডাহুকার ৬৪ নম্বর বুথের বিলকিস তারা বিবি। পঞ্চায়েতের ডাকা পরপর তিনটি সভায় তাঁরা অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। এই অভিযোগকে সামনে রেখে জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন কংগ্রেস প্রধান তফিজুল হক চাঁচল এসডিও আদালতে মামলা করেন।
আরও খবর : ‘মনের পাপ দূর করতে গীতা পড়তে হবে’, আদ্যাপীঠে গিয়ে আরজি করের প্রসঙ্গ তুলে বার্তা শুভেন্দুর
গত বৃহস্পতিবার ওই মামলার শুনানি হয়। অভিযোগের পক্ষে জমা পড়া নথি এবং সংশ্লিষ্ট বক্তব্য খতিয়ে দেখার পর প্রশাসনের তরফে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। এরপরই মঙ্গলবার দুই সদস্যের পদ খারিজের নির্দেশ দেওয়া হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিল করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
জালালপুর গ্রাম পঞ্চায়েতে আগে মোট সদস্য সংখ্যা ছিল ২৮। দুই সদস্যের পদ খারিজের পর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২৬-এ। এর আগে অনাস্থা ভোটে প্রধানের পদ থেকে সরানো হয়েছিল কংগ্রেসের তফিজুল হককে। পরে তৃণমূলের ১২ জন এবং কংগ্রেসের ৫ জন সদস্যকে নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল (TMC)। এবার সেই বোর্ডেরই দুই সদস্যের পদ খারিজ হওয়ায় জালালপুর পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।







