HomeBig newsহাওড়া পুরনিগমে বাড়ল ওয়ার্ড, ৫০ থেকে সংখ্যা ৬৮, বিধানসভায় পাশ বিল
Howrah Municipal Corporation Bill 2026

হাওড়া পুরনিগমে বাড়ল ওয়ার্ড, ৫০ থেকে সংখ্যা ৬৮, বিধানসভায় পাশ বিল

পুর পরিষেবা নিয়ে তৃণমূলকে নিশানা অগ্নিমিত্রার, জল জমা থেকে বেআইনি নির্মাণে উঠল একাধিক অভিযোগ

ওয়েব ডেস্ক : হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা বাড়ানোর পথে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল হাওড়া পুরনিগম সংশোধনী বিল ২০২৬ (Howrah Municipal Corporation Bill 2026)। নতুন আইনে হাওড়া পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৮ হবে। প্রশাসনিক সুবিধা এবং শহরের বাড়তে থাকা জনসংখ্যার চাপ সামলাতেই এই পরিবর্তন বলে সরকারের তরফে জানানো হয়েছে।

বিলের জবাবি ভাষণে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) হাওড়ার পুর পরিষেবার বেহাল দশা নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে সরব হন। তাঁর অভিযোগ, আগের বোর্ডের একাধিক সিদ্ধান্তের জেরে কর্মীদের বেতন, পেনশন এবং বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে পুর প্রশাসনের নানা ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বালি ও হাওড়ার পুরসভা সংযুক্তি এবং পরে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

আরও খবর : ‘মনের পাপ দূর করতে গীতা পড়তে হবে’, আদ্যাপীঠে গিয়ে আরজি করের প্রসঙ্গ তুলে বার্তা শুভেন্দুর

হাওড়ার জল জমার সমস্যা নিয়েও বিধানসভায় সরব হন মন্ত্রী। অল্প বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় হাঁটু সমান জল দাঁড়িয়ে যাওয়ার জন্য নিকাশি ব্যবস্থার পাশাপাশি নর্দমায় প্লাস্টিক জমাকে দায়ী করেন তিনি। দূষণ নিয়ন্ত্রণে আগামী ১ সেপ্টেম্বর থেকে কড়া জরিমানা চালুর কথাও জানিয়েছেন অগ্নিমিত্রা। পাশাপাশি শহরে বেআইনি বহুতল নির্মাণ নিয়েও পূর্বতন পুরবোর্ডকে কাঠগড়ায় তোলেন তিনি।

পুরভোট না হওয়ার কারণে হাওড়া (Howrah) পঞ্চদশ অর্থ কমিশনের প্রায় ২০০ কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। তবে হাওড়ায় ভোট কবে হবে, সেই প্রশ্নে স্পষ্ট করে দেন, ‘‘নির্বাচন কবে হবে এই সিদ্ধান্তটা আমাদের পার্টি অফিসে বসে ঠিক হবে না, যেরকম আগের সরকার করত । রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করে হাওড়া কর্পোরেশনের ভোটের দিন আমরা ঠিক করব ।’’একই সঙ্গে হাওড়ার রাস্তা, নিকাশি ও পানীয় জলের জন্য মাস্টার প্ল্যান, সাঁকরাইলে ৪৬২ কোটি টাকার জল শোধনাগার এবং বস্তিবাসীদের জন্য পিপিপি মডেলে আবাসন তৈরির পরিকল্পনার কথাও তুলে ধরেন। ফলে ওয়ার্ড বৃদ্ধির পাশাপাশি হাওড়ার নাগরিক পরিষেবায় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলল সরকারের তরফে।

[youtube-feed feed=1]
Read More

Latest News