ওয়েব ডেস্ক : বাংলা দু’দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)। রবিবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোট হতে চলেছে পশ্চিমবঙ্গে (West Bengal)। প্রথম দফায় হবে ১৫২টি আসনে ভোট। দ্বিতীয় দফায় হবে ১৪২টি আসনে ভোট। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরেই রাজ্যজুড়ে জারি হয়ে গিয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট (MCC)। তবে এই দুই দফার ভোটে শেষ কবে মনোনয়ন (Nominations) জমা দিতে পারবেন প্রার্থীরা?
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রথম দফার নির্বাচনের (Election) জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ৩০ মার্চ। ৬ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। ৯ এপ্রিল হল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। প্রথম দফার নির্বাচন হবে ২৩ এপ্রিল। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৫২টি আসনে ভোট হবে।
আরও খবর : বাংলায় মাত্র দু’দফায় ভোট কেন? কারণ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ২ এপ্রিল। আর ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন (Nominations) জমা দিতে পারবেন প্রার্থীরা। এই দফায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ এপ্রিল। এই দফায় ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া, পূর্ব বর্ধমান জেলার ১৪২টি আসনে ভোট হবে। তার পরেই ৪ মে প্রকাশিত হবে ফলাফল।
মূলত, পশ্চিমবঙ্গে সপ্তদশ বিধানসভা শেষ হবে ৭ মে ২০২৬। ফলে তার আগেই সরকার গঠন করে ফেলতে হবে রাজ্যে। গত বার ৮ দফায় ভোট হয়েছিল। ২৭ মার্চ শুরু হয়েছিল ভোট। শেষ হয়েছিল ২৯ এপ্রিল। তবে এবার দু’দফায় ভোট হতে চলেছে।
দেখুন অন্য খবর :







