ওয়েব ডেস্ক : গত ডিসেম্বরে কলকাতায় (Kolkata) এসেছিলেন অর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু, তাঁকে নিয়ে যে ঘটনা ঘটে গিয়েছিল, তা নিয়ে গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। এই ঘটনায় তদন্তে ফের সক্রিয় হয়েছে পুলিশ। এমন আবহে এবার বিধাননগরের পুলিশ কমিশনারকে চিঠি দিল মেসির নিজস্ব টিম ম্যানেজমেন্ট। সেখানে যুবভারতীতে নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
মেলে পাঠানো সেই চিঠিতে বলা হয়েছে, তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস (Aroop Biswas) মাঠে ঢোকার পরেই ঝামেলার সূত্রপাত হয়েছিল। এ নিয়ে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে মেসির টিম। অরুপ কী কী করেছিলেন, তা বিস্তারিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সেখানে অর্জেন্তিনার কিংবদন্তি ফুটবলারকে স্পর্শ করার পাশাপাশি কাঁধে ও কোমরে হাত দেওয়ার কথাও বলা হয়েছে। এছাড়া অভিযোগ করা হয়েছে, যাঁদের কাছে মাঠে ঢোকার অনুমতি ছিল না, তারাও সেখানে গিয়েছিলেন। এই সবে বিরক্ত হয়ে মেসি মাঠ ছাড়েন বলে জানানো হয়েছে। এছাড়া জানানো হয়েছে, বিষয়টি শতদ্রু দত্তের (Satadru Dutta) নিয়ন্ত্রণে ছিল না। মেসি কাণ্ডে শতদ্রু কোনও ভাবেই দায়ী নন বলেও জানানো হয়েছে।
আরও খবর : প্রথম গোলের পর কাঁদলেন মেসি, কিন্তু কেন? নিজেই জানালেন কিংবদন্তি তারকা
এদিকে অরুপের বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনেছেন শতদ্রু (Satadru Dutta)। অরুপের রক্ষাকবচকে চ্যালেঞ্জ করেও মামলা করেছেন তিনি। এ নিয়ে শতদ্রুর আইনজীবী অরিন্দম জানা কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন।
বলে রাখা দরকার, অরুপের বিরুদ্ধে এফআইআর হওয়ার পর টালিগঞ্জের প্রাক্তন বিধায়ক আদালতে রক্ষাকবচের জন্য আর্জি জানিয়েছিলেন। এর পর তাঁকে আদালত রক্ষাকবচ দেয়। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনারকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন শতদ্রু।
অভিযোগ করেছিলেন, মেসিকে দেখার জন্য ৭০ হাজার টিকিট ছাপানো হয়েছিল। কিন্তু তার মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ২২ হাজার টিকিট নিয়ে নিয়েছিলেন। সঙ্গে অভিযোগ করেছেন, সেই টিকিট বিলির পাশাপাশি বিক্রিও করেছিলেন। ফলে গোটা বিষয় নিয়ে অরুপের (Aroop Biswas) বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন। আর এই মামলায় প্রাক্তন মন্ত্রী অসুস্থতার কারণ দেখিয়ে একাধিকবার পুলিশের হাজিরা এড়িয়েছেন। তার পরেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অরুপ। এবের মাঝে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিল মেসির নিজস্ব টিম ম্যানেজমেন্ট।
দেখুন অন্য খবর :






