ওয়েব ডেস্ক: সদ্য শপথ নিয়েছেন রাজ্যের ২২তম রাজ্যপাল আর এন রবি (RN Ravi)। বৃহস্পতিবার লোকভবনে (Lok Bhawan) আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুষ্ঠান শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।”
গত ৫ মার্চ আচমকাই ইস্তফা দেন প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর ইস্তফার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিষয়টি নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আনন্দ বোসকে সরিয়ে দেওয়ার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি করেছিলেন তিনি। এমনকি নতুন রাজ্যপাল আর এন রবিকে নিয়েও আগে কটাক্ষ করেছিলেন মমতা। ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তাঁকে ‘বিজেপির ক্যাডার’ বলেও তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। সেই আবহেই এদিন প্রথমবার মুখোমুখি হলেন দু’জন।
আরও পড়ুন: ‘বিমানদা সামনে আসুন’, ফিরহাদের খালি চেয়ার এগিয়ে দিলেন মমতা
উল্লেখ্য, এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল ছিলেন আর এন রবি। সেখানে দায়িত্ব পালনকালে একাধিক ইস্যুতে ডিএমকে সরকারের সঙ্গে তাঁর সংঘাত প্রকাশ্যে আসে। বিশেষ করে বিভিন্ন বিল নিয়ে রাজ্য সরকার ও রাজ্যপালের টানাপোড়েন তীব্র হয়েছিল। এমনকি তাঁকে সরানোর দাবিতে একাধিকবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল ডিএমকে নেতৃত্ব। এই পরিস্থিতিতেই সি ভি আনন্দ বোসের উত্তরসূরি হিসেবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি। এখন রাজ্যপাল ও রাজ্য সরকারের সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।







