ওয়েব ডেস্ক : মধ্যরাতে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেলে ভয়াবহ আগুনের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই সামনে এসেছে একাধিক অব্যবস্থার ছবি। পুরসভা ও দমকলের একাধিক নির্দেশিকা মানা হয়েছিল কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার তদন্তে ইতিমধ্যেই নেমেছে পুলিশ। বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায় এবং দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী।
বহুতলের ভিতরে একাধিক হোটেল কীভাবে চলছিল, তা নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। পাশাপাশি বিপুল সংখ্যক এসি চলা সত্ত্বেও কীভাবে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিল সিইএসসি, সেই প্রশ্নও তোলেন তিনি। এ নিয়ে তৃণমূমূলকেও এক হাত নেন তিনি। কেন বহুতলের ভিতরে বেনিয়ম সামনে আসেনি? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও খবর : আরজি কর দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে সন্দীপ ঘোষ
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বহুতলের ভিতরে একাধিক হোটেল ছিল। সেখানে ঘুপচি ঘর এবং সংকীর্ণ পথের পাশাপাশি পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ উঠেছে। ভিনরাজ্য এবং বাংলাদেশ থেকে আসা বহু মানুষ নিউমার্কেট এলাকার এই ধরনের হোটেলে থাকতেন বলে জানা গিয়েছে। পুরসভা কীভাবে ট্রেড লাইসেন্স দিয়েছে, তা নিয়েও তদন্তের দাবি উঠেছে।
ঘটনার তদন্তে ডিসিডিডির নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের তরফে সুয়োমোটো মামলাও দায়ের করা হয়েছে বলে খবর। দমকল বিভাগের তরফেও অভিযোগ জানানো হয়েছে। ইতিমধ্যেই বহুতল ও হোটেল মালিকদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কলকাতা পুরসভার আওতাধীন হোটেলগুলির অডিট করার কথাও জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।







