ওয়েব ডেস্ক :কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটকে (SRFTI) ঘিরে রবিবার উত্তেজনা ছড়াল। একটি সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভের পর পড়ুয়া এবং শিক্ষকদের উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় কয়েকজন পড়ুয়া ও শিক্ষক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এসআরএফটিআইয়ের (SRFTI) প্রেক্ষাগৃহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শাখা সংগঠন অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের পশ্চিমবঙ্গ শাখার একটি সভা চলছিল। সেই কর্মসূচির প্রতিবাদে প্রেক্ষাগৃহের সামনে বিক্ষোভ দেখান কয়েকজন পড়ুয়া। অভিযোগ, এরপরেই সংগঠনের কয়েকজন সদস্য পড়ুয়াদের উপর চড়াও হন।
পড়ুয়াদের মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের বাঁচাতে গিয়ে কয়েকজন শিক্ষকও আক্রান্ত হন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ যায়। তবে অভিযোগ, প্রতিষ্ঠানের গেটের বাইরে এখনও বহিরাগতদের ভিড় রয়েছে। তাঁদের সরানোর জন্য পুলিশ যথেষ্ট পদক্ষেপ করছে না বলেও অভিযোগ করেছেন পড়ুয়াদের একাংশ।
পড়ুয়াদের আরও অভিযোগ, হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে পুলিশ অভিযোগকারীদের নাম ও ঠিকানা লিখে রাখছে। পরে সেই তথ্য ব্যবহার করে তাঁদের হেনস্থা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবিতে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভও দেখান পড়ুয়াদের একাংশ। এসআরএফটিআই-এর এই ঘটনা প্রসঙ্গে চিত্রপরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী বলেন, ঘটনাটা খুব উদ্বেগজনক। যা ছবি দেখছি, পড়ুয়াদের নির্মম ভাবে মারা হয়েছে।







