HomeScrollহাইকোর্টের দ্বারস্থ বেলেঘাটার তৃণমূল নেতা! গ্রেফতারের আশঙ্কাতেই কি এই পদক্ষেপ প্রমোটার রাজু...
Calcutta High Court

হাইকোর্টের দ্বারস্থ বেলেঘাটার তৃণমূল নেতা! গ্রেফতারের আশঙ্কাতেই কি এই পদক্ষেপ প্রমোটার রাজু নস্করের?

রাজু নস্করের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ

কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বেলেঘাটার তৃণমূল (TMC) নেতা তথা প্রমোটার রাজু নস্কর (Raju Naskar)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন জানিয়ে গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চে মামলা করেছেন তিনি। সূত্রের খবর, গ্রেফতারের আশঙ্কাতেই বিচারপতি অজয় কুমার মুখার্জির বেঞ্চে এই আবেদন জানিয়েছেন রাজু।

রাজু নস্করের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক অভিযোগে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। অভিযোগ, কলকাতা পুরসভার (KMC) অনুমোদন ছাড়াই একাধিক বহুতল নির্মাণ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা পুরসভা তাঁর বিভিন্ন নির্মাণ প্রকল্পে নোটিস পাঠিয়েছে। শুধু তাই নয়, কয়েকটি বেআইনি নির্মাণে বুলডোজার চালানোর কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ! হাইকোর্টের দ্বারস্থ সম্পত্তির মালিকেরা

এছাড়াও সম্পত্তি সংক্রান্ত বিবাদ, বাড়ি খালি করার জন্য হুমকি দেওয়া এবং মারধরের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। গত ফেব্রুয়ারি মাসে বেলেঘাটার এক বাসিন্দাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে রাজু নস্করকে গ্রেফতারও করা হয়েছিল।

স্থানীয় সূত্রে দাবি, তৃণমূল সরকারের আমলেই রাজু নস্করের নির্মীয়মাণ ফ্ল্যাটগুলি নিয়ে আপত্তি উঠেছিল। তবে সেই অভিযোগকে গুরুত্ব না দিয়ে ফ্ল্যাট ক্রেতাদের আশ্বস্ত করা হয়েছিল যে সমস্ত নথিপত্র ঠিক রয়েছে এবং নির্ধারিত সময়েই ফ্ল্যাট হস্তান্তর করা হবে। কিন্তু সরকারের পালাবদলের পর থেকেই রাজু নস্কর কার্যত ‘গায়েব’ বলে অভিযোগ।

ফ্ল্যাট ক্রেতাদের একাংশের দাবি, বেআইনি জমির উপর বহুতল নির্মাণের বিষয়টি তাঁদের আগে জানানো হয়নি। বরং সমস্ত কাগজপত্র বৈধ বলেই জানানো হয়েছিল। অভিযোগ, টাকা নেওয়া হলেও এখনও পর্যন্ত বিল্ডিং প্ল্যান বা এগ্রিমেন্ট পেপার হাতে পাননি অনেক ক্রেতা। বর্তমান পরিস্থিতিতে রাজুর সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করেছেন তাঁরা। তবে তাঁর অফিসে গিয়ে তালাবন্ধ অবস্থাই দেখতে পেয়েছেন বলে দাবি স্থানীয়দের।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News