কলকাতা: রাজ্যের মিড-ডে মিল প্রকল্পে (Mid Day Meal) বড় পরিবর্তনের ইঙ্গিত। স্কুলের রান্না করা খাবারের সঙ্গে ডিম পরিবেশনের বদলে পড়ুয়াদের হাতে আলাদা করে সেদ্ধ ডিম তুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে রাজ্য সরকার। যদিও এখনও এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি, প্রশাসনিক সূত্রের দাবি, বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটির পরে বাড়ি ফিরে পড়ুয়ারা যাতে সেই সেদ্ধ ডিম খেয়ে প্রয়োজনীয় প্রোটিন পায়, সেই লক্ষ্যেই এই প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি মিড-ডে মিল প্রকল্পের দায়িত্ব ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর হাতে যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কারণ, ইসকন নিরামিষ খাবার পরিবেশন করে। ফলে মিড-ডে মিলে ডিম বা অন্য আমিষ খাদ্য কীভাবে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
আরও খবর : ঘরে বসেই ডিজিটাল জনগণনা, সেলফ এনুমারেশন কীভাবে করবেন? ধাপে ধাপে জেনে নিন
সেই প্রেক্ষিতেই রান্না করা খাবারের বাইরে আলাদা করে সেদ্ধ ডিম দেওয়ার বিকল্প ভাবনা সামনে এসেছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। এতে একদিকে ইসকনের নিরামিষ নীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা সম্ভব হবে, অন্যদিকে পড়ুয়ারাও প্রয়োজনীয় পুষ্টিগুণ থেকে বঞ্চিত হবে না বলে মনে করা হচ্ছে।
এদিকে রবিবার থেকেই ইসকনের মেগা কিচেন থেকে রান্না করা মিড-ডে মিল নির্দিষ্ট স্কুলগুলিতে পৌঁছতে শুরু করেছে। সিল করা কন্টেনারে ইলেকট্রিক গাড়ির মাধ্যমে খাবার পাঠানো হচ্ছে। স্কুলে পৌঁছে কর্তৃপক্ষের উপস্থিতিতে কন্টেনারের সিল খোলা হচ্ছে, যাতে খাবারের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী তিন মাসে প্রায় আড়াই লক্ষ পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে মিড-ডে মিলের বরাদ্দও ১০ টাকা করা হয়েছে। তবে ডিম হাতে তুলে দেওয়ার প্রস্তাব বাস্তবায়িত হবে কি না, তা নির্ভর করবে সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর।







