ওয়েব ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের (Islamabad) সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাসপাতালের নার্সারিতে আগুন (Fire) লেগে মৃত্যু হয়েছে অন্তত ১৪ সদ্যোজাত শিশুর। বুধবার সকালে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস বা পিআইএমএস-এর মাদার অ্যান্ড চাইল্ড সেন্টারে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
হাসপাতালের তৃতীয় তলায় থাকা নার্সারিতে স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দল। আগুন (Fire) নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জিও টিভির দাবি, মৃতের সংখ্যা বেড়ে ১৫-ও হতে পারে। আগুনের হাত থেকে মাত্র এক সদ্যোজাতকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
আরও খবর : ট্রাম্প প্রশাসনের বড় পদক্ষেপ, বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে স্থগিতাদেশ
প্রাথমিক তদন্তে আগুন লাগার সম্ভাব্য কারণ হিসেবে এয়ার কন্ডিশনিং ব্যবস্থার ত্রুটি থেকে শর্ট সার্কিটের কথা উঠে আসছে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত এবং এত দ্রুত তা নার্সারিতে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মৃত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে তিনি অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। কারও গাফিলতি বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানে অগ্নিকাণ্ড নতুন ঘটনা নয়। নিরাপত্তা বিধি ও নির্মাণ সংক্রান্ত নিয়ম যথাযথভাবে না মানার অভিযোগ প্রায়ই ওঠে। চলতি বছরের জানুয়ারিতেও করাচির একটি জনবহুল শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুনে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছিল। তবে হাসপাতালের নার্সারিতে বুধবারের এই অগ্নিকাণ্ড পাকিস্তানের অন্যতম ভয়াবহ হাসপাতাল অগ্নিকাণ্ড হিসেবে সামনে এসেছে। সরকারি হাসপাতালগুলিতে কম খরচে চিকিৎসার ব্যবস্থা থাকলেও দীর্ঘদিন ধরেই অর্থাভাব, অব্যবস্থাপনা ও অতিরিক্ত রোগীর চাপ নিয়ে অভিযোগ রয়েছে।







