HomeScrollদিল্লি নামার আগে আচমকাই ৩০০ ফুট নীচে এয়ার ইন্ডিয়ার বিমান, তীব্র ঝাঁকুনিতে...
Air India

দিল্লি নামার আগে আচমকাই ৩০০ ফুট নীচে এয়ার ইন্ডিয়ার বিমান, তীব্র ঝাঁকুনিতে আহত ১৫

আহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী রয়েছেন

নয়াদিল্লি: দিল্লি (New Delhi) নামার ঠিক আগেই তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠল এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান। আচমকা প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায় ফুকেট থেকে দিল্লিগামী বিমানটি। মঙ্গলবারের এই ঘটনায় যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ১১ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী রয়েছেন।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই২৩৭৯ বিমানটি থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। দিল্লি বিমানবন্দরে অবতরণের কিছুটা আগে আচমকাই বায়ুপ্রবাহে অস্থিরতা তৈরি হয়। তার জেরেই বিমানটি এক ধাক্কায় প্রায় ৩০০ ফুট নীচে নেমে যায়। শুরু হয় প্রবল ঝাঁকুনি। সেই সময় বিমানের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: ‘১০০ শতাংশ খাঁটি’ নয় ডাবরের ঘি-মধু! বন্ধের নির্দেশ FSSAI-এর

শেষ পর্যন্ত অবশ্য নিরাপদেই দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, সমস্ত যাত্রী এবং বিমানকর্মী বিমান থেকে নিরাপদে নেমেছেন। কয়েক জন যাত্রী এবং বিমানকর্মী সামান্য আঘাত পেয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তাঁদের বিমানবন্দরের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করা হয়েছে।

ঘটনার পর বিমানের ভিতরের বেশ কিছু জায়গার ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তীব্র ঝাঁকুনির ফলে বিমানের ভিতরে কিছু ক্ষয়ক্ষতির ছবিও দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনায় কারও গুরুতর চোট লাগেনি বলেই জানিয়েছে বিমানসংস্থা।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। আচমকা বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেলেও, বিমানটির নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিও খতিয়ে দেখা হবে। ফলে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে বিমানটি নিরাপদে অবতরণ করলেও, অবতরণের ঠিক আগে এমন তীব্র ঝাঁকুনির ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News