ওয়েব ডেস্ক: ১০০ শতাংশ খাঁটি’, ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, এমন দাবি করে পণ্য বাজারজাত করার অভিযোগে এ বার ডাবর ইন্ডিয়ার (Dabur India) বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-এর। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ, চিহ্নিত একাধিক খাদ্যপণ্যের বিক্রি বন্ধ করতে হবে। তবে এর অর্থ ডাবরের সমস্ত পণ্য নিষিদ্ধ হয়েছে, এমন নয়।
FSSAI-এর অভিযোগ, ডাবরের ওয়েবসাইটে একাধিক খাদ্যপণ্যের ক্ষেত্রে ‘১০০ শতাংশ প্রাকৃতিক’, ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ বিশুদ্ধতার নিশ্চয়তা’, ‘১০০ শতাংশ অর্গানিক’ এবং ‘১০০ শতাংশ কচি ডাবের জল’-এর মতো দাবি করা হয়েছিল। নিয়ন্ত্রক সংস্থার মতে, মিশ্র খাদ্যপণ্যের ক্ষেত্রে এই ধরনের দাবি খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও দাবি সংক্রান্ত ২০১৮ সালের বিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আরও পড়ুন: বিজয়ের বান্ধবীকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য! গ্রেফতার উদয়নিধি
নজরে এসেছে ডাবরের মধু, গরুর দুধের ঘি, অ্যাপল সাইডার ভিনেগার, ভার্জিন নারকেল তেল, তিলের তেল, ডাবের জল এবং নারকেলের দুধ-সহ বেশ কিছু পণ্য। FSSAI আরও জানিয়েছে, ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার’ এবং ‘ডাবর অর্গানিক হানি’-তে বৈধ অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ লোগো ব্যবহারের অভিযোগ রয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার দাবি, বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’ দাবির বিষয়ে এর আগেও ডাবরকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সন্তোষজনক সংশোধনমূলক পদক্ষেপ না হওয়ায় এ বার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চিহ্নিত পণ্যের পাশাপাশি একই ধরনের বিভ্রান্তিকর দাবি করা অন্য খাদ্যপণ্যের ক্ষেত্রেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। ১৫ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের রিপোর্ট জমা দিতে হবে ডাবরকে।
অন্য দিকে, ডাবর জানিয়েছে, তারা FSSAI-এর নোটিস পেয়েছে এবং নিয়ন্ত্রক সংস্থার উত্থাপিত বিষয়গুলি পর্যালোচনা করছে। ফলে এই নির্দেশের পর ডাবরের সংশ্লিষ্ট পণ্যগুলির লেবেল ও অনলাইন প্রচারে কী পরিবর্তন আসে, এখন সে দিকেই নজর।







