ওয়েব ডেস্ক : আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের সুবিধাভোগী তালিকায় নাম রয়েছে, কিন্তু এখনও ই-কেওয়াইসি (ekyc) সম্পূর্ণ হয়নি? তাহলে এই কাজের জন্য বারবার পরিষেবা কেন্দ্রে বা হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। সরকারি আয়ুষ্মান অ্যাপের মাধ্যমে মোবাইল ফোন থেকেই বাড়িতে বসে ই-কেওয়াইসি সম্পূর্ণ করার সুযোগ রয়েছে। পরিচয় যাচাই শেষ হলে অনুমোদনের পর ডিজিটাল আয়ুষ্মান কার্ডও মোবাইলেই ডাউনলোড করা যাবে।
প্রথমে মোবাইল ফোনে সরকারি আয়ুষ্মান অ্যাপটি খুলে ‘বেনিফিশিয়ারি’ অপশন বেছে নিতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে এককালীন পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করতে হবে। লগইন করার পর নিজের রাজ্য, প্রকল্প এবং জেলা নির্বাচন করে আধার নম্বর, রেশন কার্ড নম্বর অথবা পরিবারের পরিচয় নম্বরের সাহায্যে সুবিধাভোগীর নাম খুঁজে নিতে হবে। পরিবারের যে সদস্যের ই-কেওয়াইসি বাকি রয়েছে, তাঁর নাম নির্বাচন করলেই পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ মিলবে।
আরও খবর : ভিডিয়ো বানালেই মিলবে টাকা! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ঘোষণা বিহার সরকারের
এরপর ই-কেওয়াইসি (ekyc) বা পুনরায় ই-কেওয়াইসি করার অপশনে গিয়ে পরিচয় যাচাই সম্পূর্ণ করতে হবে। আধার-ভিত্তিক এককালীন পাসওয়ার্ড অথবা মুখ শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে এই যাচাই করা যেতে পারে। প্রয়োজনীয় ছবি ও অন্যান্য তথ্য দেওয়ার পর আবেদন জমা দিতে হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য পরিষেবা কেন্দ্রের উপর নির্ভর করতে হবে না।
ই-কেওয়াইসি জমা দেওয়ার পর সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হবে। আবেদন অনুমোদিত হলে সুবিধাভোগীর অবস্থান ‘অনুমোদিত’ হিসেবে দেখা যাবে। এরপর সংশ্লিষ্ট সদস্যের নামের পাশে থাকা কার্ড ডাউনলোডের অপশনে গিয়ে ডিজিটাল আয়ুষ্মান কার্ড সংগ্রহ করা যাবে। মোবাইল ফোনেই সেটি পিডিএফ আকারে সংরক্ষণ করে রাখা সম্ভব। প্রকল্পের সুবিধা নিতে পরিচয় যাচাই গুরুত্বপূর্ণ হওয়ায়, তালিকায় নাম থাকা সত্ত্বেও ই-কেওয়াইসি বাকি থাকলে তা দ্রুত সম্পূর্ণ করে নেওয়াই ভালো।







