ওয়েব ডেস্ক : বিজেপির (BJP) জাতীয় সংগঠনে বড়সড় পরিবর্তন করেছেন দলের জাতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। সোমবার প্রকাশিত নতুন তালিকায় অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি নতুন প্রজন্মের নেতাদেরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গোটা তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) প্রত্যাবর্তন। তাঁকে জাতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠিতে পরাজয়ের পর স্মৃতি ইরানিকে (Smriti Irani) আর কেন্দ্রীয় সরকারের কোনও দায়িত্বে দেখা যায়নি। এবার দলের কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ পদে তাঁকে ফেরানো হল। বিজেপির মহিলা মোর্চার জাতীয় সভাপতি থেকে শুরু করে জাতীয় সম্পাদক এবং জাতীয় কর্মসমিতির সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে সংগঠনে তাঁর অভিজ্ঞতাকে ফের কাজে লাগাতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
নতুন জাতীয় টিমে মহিলা প্রতিনিধিত্বও উল্লেখযোগ্য। ১৩ জন জাতীয় সহ-সভাপতির মধ্যে ছয়জন মহিলা। এই তালিকায় রয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরী, উত্তরপ্রদেশের রেখা বর্মা, গুজরাতের বর্ষাবেন নরেন্দ্রভাই দোশি, মহারাষ্ট্রের ডা. ভারতী প্রবীণ পাওয়ার এবং পশ্চিমবঙ্গের মধুচ্ছন্দা কর। জাতীয় সম্পাদক পদেও একাধিক মহিলা নেত্রীকে রাখা হয়েছে।
আরও খবর : হাসি-কান্না-ছটফটানি, ‘ভূতের ভয়’-এ হস্টেল ছাড়ল ৬০০ পড়ুয়া! মহারাষ্ট্রে চাঞ্চল্য
রাজ্যভিত্তিক ভারসাম্যের দিকেও নজর দিয়েছে বিজেপি (BJP)। বাংলা, ওড়িশা, কেরল এবং উত্তর-পূর্ব ভারতের নেতাদের জাতীয় সংগঠনে জায়গা দেওয়া হয়েছে। পুরুষ সহ-সভাপতিদের মধ্যে রয়েছেন তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত পাণ্ডা, মনপ্রীত সিং বাদল, তারিক মনসুর, লাল সিং আর্য এবং এম নাগরাজ। জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে বিএল সন্তোষ বহাল রয়েছেন। তাঁকে সহযোগিতা করবেন শিবপ্রকাশ ও সৌদান সিং।
মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সংগঠনেও এসেছে পরিবর্তন। মিডিয়া কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছেন অনিল বালুনি। সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে দীপক মাস্কেকে। অন্যদিকে আম আদমি পার্টি থেকে বিজেপিতে আসা সন্দীপ পাঠকও জাতীয় সম্পাদক হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন সাংসদ সম্বিত পাত্র। ফলে এই নিয়োগ শুধু সাংগঠনিক রদবদল নয়, আগামী দিনের নির্বাচনী কৌশলেরও গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।







