HomeScrollকর্নাটকে ৭ হাজার পড়ুয়া এইচআইভি আক্রান্ত! সব কলেজে সচেতনতা শিবিরের নির্দেশ সরকারের
Karnataka

কর্নাটকে ৭ হাজার পড়ুয়া এইচআইভি আক্রান্ত! সব কলেজে সচেতনতা শিবিরের নির্দেশ সরকারের

কর্নাটকে এইচআইভি সংক্রমণ নিয়ে উদ্বেগ, ৭ হাজার পড়ুয়া আক্রান্তের রিপোর্টের পর সব কলেজে সচেতনতা শিবিরের নির্দেশ।

ওয়েব ডেস্ক: কর্নাটকে (Karnataka) এইচআইভি (HIV) সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, রাজ্যে প্রায় ৭ হাজার পড়ুয়া এইচআইভি আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স মূলত ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি কলেজে বাধ্যতামূলকভাবে এইচআইভি সচেতনতা শিবির আয়োজনের নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।

ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন (NACO)-এর তথ্য অনুযায়ী, দেশে এইচআইভি আক্রান্তের সংখ্যার নিরিখে কর্নাটক তৃতীয় স্থানে রয়েছে। বর্তমানে রাজ্যে প্রায় ২ লক্ষ ৬০ হাজার মানুষের শরীরে এইচআইভি ভাইরাস রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২ লক্ষ ৫ হাজার মানুষ চিকিৎসার আওতায় রয়েছেন। তবে প্রায় ৫৪ হাজার মানুষ এখনও নিজেদের সংক্রমণের বিষয়ে অবগত নন।

আরও পড়ুন: জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, তরুণ প্রজন্মের মধ্যে সংক্রমণের হার নিয়ে বিশেষ উদ্বেগ তৈরি হয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে। ২০২৩-২৪ সালে এই বয়সসীমার মধ্যে এইচআইভি পজিটিভ ব্যক্তির সংখ্যা ছিল প্রায় ৪৪ হাজার ৫০০। ২০২৫-২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৬ হাজার ৬০০-তে।

এই পরিস্থিতিতে কলেজ পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্যাম্পগুলিতে এইচআইভি সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায়, পরীক্ষা ও চিকিৎসার সুবিধা সম্পর্কে পড়ুয়াদের জানানো হবে। পাশাপাশি, সংক্রমণ নিয়ে সামাজিক ভয় ও ভুল ধারণা দূর করাও এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

বিশেষজ্ঞদের মতে, এইচআইভি নিয়ন্ত্রণে সচেতনতা, দ্রুত পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করার সিদ্ধান্তকে তাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News