HomeScrollতীর্থযাত্রায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু
Madhya Pradesh Road Accident

তীর্থযাত্রায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

ওয়েব ডেস্ক : মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা, এক শিশু-সহ মোট চার জন। বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ সিভিল লাইন থানার অন্তর্গত ভরাউলা গ্রামের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়ি। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, অনুপপুর জেলার লিলহাটোলা এলাকার বাসিন্দা ওই পরিবারটি সতনার চিত্রকূটে পুণ্যস্নান ও পুজো দিতে যাচ্ছিল। পথেই ঘটে বিপর্যয়। দুর্ঘটনার অভিঘাতে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় ধরে উদ্ধারকাজ চালাতে হয়। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের একে একে বের করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও খবর : টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, নির্মীয়মাণ বাড়ি ধসে মৃত্যু ৩ জনের

দুর্ঘটনার পর প্রথমে পাঁচ জনের মৃত্যুর খবর সামনে এলেও পরে সেই তথ্য সংশোধন করা হয়। জেলা হাসপাতালের চিকিৎসকেরা জানান, এক মহিলাকে মৃত বলে মনে করা হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তৎপরতায় তিনি জ্ঞান ফিরে পান। খুশবু মার্কো নামে ওই মহিলার অবস্থা এখনও সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে কাটনি জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

উমারিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অলোক কুমার শর্মা জানান, সিদ্ধবাবা ধাম-সংলগ্ন ভরাউলা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, অন্ধকারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে না পাওয়ায় গাড়িটি সরাসরি তাতে ধাক্কা মারে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News