ওয়েব ডেস্ক : জমি দুর্নীতি মামলায় ফের স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (Sumit Roy)। তাঁকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। পরবর্তী শুনানি পর্যন্ত এই আইনি সুরক্ষা বহাল থাকবে বলেও জানানো হয়েছে শীর্ষ আদালতের তরফে।
তবে তদন্ত কতদূর এগিয়েছে, তা আদালতকে জানাতে হবে রাজ্যকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এছাড়া তদন্তে উঠে আসা তথ্য, নথি এবং অন্যান্য অগ্রগতির বিস্তারিত বিবরণ মুখবন্ধ খামে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ফলে তদন্ত চললেও সুমিতের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ আপাতত আদালতের নজরেই থাকছে।
আরও খবর : তৃতীয় সন্তানেও এক বছর মাতৃত্বকালীন ছুটি, বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের
বুধবার মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার নেতৃত্বাধীন বেঞ্চে। রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা দাবি করেন, তদন্তকারীদের কাছে হাজিরা দিলেও সুমিত প্রয়োজনীয় সহযোগিতা করছেন না। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার বলেও আদালতে সওয়াল করেন তিনি। যদিও সুমিতের (Sumit Roy) পক্ষ সেই দাবির বিরোধিতা করা হয়। এর পাশাপাশি রাজ্যের আইনজীবী বলেন, তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য ও নথি পাওয়া গিয়েছে। সেগুলি আরও খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তের অগ্রগতি এবং সংগৃহীত তথ্য আদালতের সামনে পেশ করতেও রাজ্য প্রস্তুত বলে জানানো হয়। সব পক্ষের বক্তব্য শোনার পর সুমিতের রক্ষাকবচ বহাল রাখে আদালত।
উল্লেখ্য, শালবনী জমি সংক্রান্ত দুর্নীতি এবং ডেবরা চাকরি দুর্নীতি, দুই তদন্তেই সুমিত রায়ের নাম উঠে এসেছে। একসময় তাঁর খোঁজে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। পরে আদালতের কাছ থেকে রক্ষাকবচ পান সুমিত। আদালতের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরাও দিচ্ছেন তিনি।







