ওয়েব ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নিয়মরক্ষার ম্যাচে (India Vs Afghanistan) নেমে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরল এক নজির (Record) গড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচের আগে তাঁর ফিটনেস নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত মাঠে নেমে শুধু দলের অংশই হলেন না, গড়লেন এমন এক রেকর্ড, যা ভারতের ১,০০০-এর বেশি ওয়ানডে ম্যাচের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যেই নিজেদের ঝুলিতে পুরে ফেলেছিল ভারত। তাই শেষ ম্যাচে ফলাফলের চাপ না থাকলেও নজর ছিল ব্যক্তিগত এবং দলগত পারফরম্যান্সের দিকে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান দল। কিন্তু শুরু থেকেই চাপে পড়ে যায় আফগান ব্যাটিং লাইন-আপ। মাত্র ৩৬ রানের মধ্যে চার উইকেট হারিয়ে কার্যত ধসে পড়ে আফগানদের টপ অর্ডার। সেই ধসের প্রধান কারিগর ছিলেন ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। দুরন্ত বোলিং করে একাই পাঁচ উইকেট তুলে নেন তিনি। তবে তাঁর সাফল্যের সঙ্গে জড়িয়ে রয়েছে রোহিত শর্মারও অসাধারণ অবদান।
আরও পড়ুন: ১২৬ বলে ৩০৬ রান! ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলল ‘লেডি বৈভব’! চেনেন বিহারের এই বিষ্ময় তরুণীকে?
ম্যাচের প্রথম তিনটি উইকেটই আসে প্রসিদ্ধ কৃষ্ণর বলে। প্রথমে রহমানুল্লাহ গুরবাজ, তারপর রহমত শাহ এবং এরপর ইব্রাহিম জাদরান— তিনজনকেই ফিরিয়ে দেন ভারতীয় পেসার। আর তিনটি ক্যাচই ধরেন রোহিত শর্মা। প্রথম স্লিপে দাঁড়িয়ে গুরবাজের ক্যাচ ধরার পর রহমত শাহের ক্যাচ ধরতে তাঁকে অনেকটা দৌড়ে মিড উইকেট অঞ্চলে যেতে হয়। কঠিন সেই সুযোগও হাতছাড়া করেননি ভারত অধিনায়ক। এরপর জাদরানের ক্যাচও প্রথম স্লিপে নিরাপদে তালুবন্দি করেন তিনি।
এই কীর্তির সুবাদে ভারতীয় ওয়ানডে ক্রিকেটে প্রথমবার বিপক্ষ দলের প্রথম তিনটি উইকেট একই বোলার-ফিল্ডার জুটির মাধ্যমে পতনের নজির তৈরি হল। এর আগে ভিভিএস লক্ষ্মণ-ইরফান পাঠান কিংবা শিখর ধাওয়ান-জসপ্রীত বুমরা জুটিও তিনটি করে উইকেটের নেপথ্যে ছিলেন। কিন্তু সেগুলি প্রতিপক্ষের প্রথম তিন উইকেট ছিল না এবং পরপরও আসেনি। ফলে ভারতের ওয়ানডে ইতিহাসে প্রথম বোলার-ফিল্ডার জুটি হিসেবে প্রতিপক্ষের প্রথম তিনটি উইকেট পরপর তুলে নেওয়ার কৃতিত্ব এখন রোহিত শর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণর দখলে।
দেখুন আরও খবর:







