ওয়েব ডেস্ক : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থগিতাদেশের জেরে আপাতত বন্ধ রইল ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামের (Arabul Islam) বিরুদ্ধে আনা অনাস্থা প্রক্রিয়া। আদালতের নির্দেশ অনুযায়ী, ১৩ আগস্ট নির্ধারিত অনাস্থা বৈঠক আর হচ্ছে না। আগামী ১৯ আগস্ট মামলাটি ফের শুনানি।
অনাস্থা বৈঠককে কেন্দ্র করে সকাল থেকেই ভাঙড়-২ পঞ্চায়েত সমিতি চত্বরে আইএসএফ কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। জমায়েত ঘিরে যাতে কোনওরকম উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। বিজয়গঞ্জ বাজার থানার পক্ষ থেকে সকাল থেকেই পঞ্চায়েত সমিতি অফিস চত্বরে পুলিশ মোতায়েন করা হয়। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা এলাকা।
আরও খবর : জ্বালানি, চিকিৎসা-সহ পরিষেবা ফেরানোর দাবি, আলিপুরদুয়ারের চা বাগানে গেট মিটিং বিজেপির শ্রমিক সংগঠনের
হাইকোর্টের (Calcutta High Court) এই স্থগিতাদেশকে নিজেদের নৈতিক জয় বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। আরাবুল ইসলামের অভিযোগ, অনাস্থা প্রস্তাব আনার সময় পঞ্চায়েত সমিতির সদস্যদের ভয় দেখিয়ে এবং চাপ সৃষ্টি করে সই করানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আইনি পথে লড়াই চালানো হচ্ছে বলে জানান আরাবুল ইসলাম।
আদালতের পরবর্তী শুনানির দিকে এখন নজর রাজনৈতিক মহলের। ১৯ আগস্টের শুনানিতে আদালত কী নির্দেশ দেয়, তার উপরই ভাঙড়-২ পঞ্চায়েত সমিতির অনাস্থা প্রক্রিয়ার পরবর্তী গতিপথ নির্ভর করবে।







