ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর সাধারণত ধাপে ধাপে রাজ্য থেকে কেন্দ্রীয় বাহিনী (Central Force) প্রত্যাহার করা হয়। কিন্তু এবার সেই প্রথার বাইরে গিয়ে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ভোট পরবর্তী পরিস্থিতিতে আগে থেকেই রাজ্যে থাকা ৫০ কোম্পানি বাহিনীর সঙ্গে আরও ৫০ কোম্পানি যুক্ত করা হচ্ছে। ফলে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর মোট সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১০০ কোম্পানিতে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী রাজ্যে আড়াই হাজারেরও বেশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছিল। ভোটপর্ব শেষ হওয়ার পর অবশ্য সেই বাহিনীর একটা বড় অংশ নিজেদের রাজ্যে ফিরে যায়। তবে ভোট-পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখতে ৫০ কোম্পানি বাহিনী বাংলায় রেখে দেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যাই আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
আরও খবর : চা-বাগানের অব্যবহৃত জমিতে বড় বদল, বাণিজ্যিক কাজে ব্যবহারের সীমা ৩০ থেকে কমে ১৫ শতাংশ করা হল
নতুন করে যে বাহিনী রাজ্যে আসছে, তার মধ্যে রয়েছে BSF, SSB এবং CRPF। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ এলাকায় তাদের মোতায়েন করা হবে। টহলদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার দায়িত্ব থাকবে তাদের।
ভোটের পর কেন হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা দ্বিগুণ করা হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, এর পিছনে কোনও নির্দিষ্ট বা অতিরিক্ত কারণ নেই। রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা আরও মজবুত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। জেলা পুলিশ ও রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। ফলে আগামী দিনে বাংলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হতে চলেছে।







