নন্দীগ্রাম- নন্দীগ্রামে (Nandigram) বিজেপি নেতার (Bjp Leader) মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য। শুভেন্দু ঘনিষ্ঠ প্রলয় পালের ভাইরাল মন্তব্য ঘিরে উত্তেজনা বিতর্ক, উত্তপ্ত রাজনীতি। প্রতিবাদে মহিলারা। কারুর নাম ধরে অপমান করা হয়নি পাল্টা প্রলয়। নন্দীগ্রামের দাপুটে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Leader Shuvendu Adhikari) ঘনিষ্ঠ প্রলয় পালের (Pralay Paul) একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।
প্রলয় পালের ভাইরাল হওয়া বক্তব্যে তিনি বলেন—“যা যা যা, তোরা গুজরাট চলে যা চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে বাড়িতে পাঠা, আর এদিকে দেখ- বাড়ির বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালী গান গাইতে, দীক্ষা নিতে। কোন হোটেলে দীক্ষা নিচ্ছে কতক্ষণ দীক্ষা নিচ্ছে তা জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গাইনো দেখাতে না হয়। কারণ প্রার্থীর অভাব নেই ওই দলটার মধ্যে? বড় ভাই হিসেবে সাবধান করলাম বাকিটা তোরা বুঝে নে।”
এই মন্তব্য সামনে আসতেই নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, নাম না করে তৃণমূল সমর্থিত এবং নন্দীগ্রামের আপামর মহিলাদের অপমান করা হয়েছে। বিশেষ করে যারা সম্প্রতি দিঘায় গিয়েছিলেন, তাঁদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করা হয়েছে বলে দাবি তৃণমূলের। এর জেরে এলাকায় তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রলয় পাল। তাঁর দাবি, কাউকে অপমান করার উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেননি। তাঁর কথায়, এলাকার বহু যুবক এ রাজ্যে কাজ না পেয়ে কাজের জন্য রাজ্যের বাইরে থাকেন, তাঁদের সতর্ক করার জন্যই তিনি এই কথা বলেছেন। কোন দল বা কারোর নাম ধরে বলেননি তিনি।
আরও পড়ুন- আলিপুরদুয়ারে বিজেপি নেতাদের বাড়িতে দুষ্কৃতী হামলা! শাসক-বিরোধী তরজা তুঙ্গে
উল্লেখ্য, দোল পূর্ণিমার দিন নন্দীগ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেশ কয়েকটি বাসে করে মহিলাদের দিঘার জগন্নাথ ধাম দর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূলের অভিযোগ, সেই ঘটনাকে কেন্দ্র করেই প্রলয় পাল এই ধরনের মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদে নামার কথাও জানিয়েছে তৃণমূল কংগ্রেস।







