ওয়েব ডেস্ক: কেরলের (Kerala) বিচারব্যবস্থায় এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে দেশ। আইনজীবী থানিয়া নাথান সি শীঘ্রই কেরলের প্রথম দৃষ্টিহীন মহিলা বিচারক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষায় সিভিল জজ (জুনিয়র ডিভিশন) পদে নির্বাচিত হয়ে তিনি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্পূর্ণ দৃষ্টিপ্রতিবন্ধী থানিয়া বেঞ্চমার্ক প্রতিবন্ধী প্রার্থীদের মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সেরিব্রাল পালসিতে আক্রান্ত জয়সন সাজন। বিচার বিভাগীয় সূত্রে জানা গেছে, কেরলে এই প্রথম কোনও সম্পূর্ণ দৃষ্টিহীন প্রার্থী বিচার বিভাগীয় পরিষেবা পরীক্ষায় শীর্ষস্থানে উত্তীর্ণ হলেন।
আরও পড়ুন: আজ সুপ্রিমকোর্টে SIR মামলার শুনানি, শীর্ষ আদালতে ‘ভার্চুয়াল’ উপস্থিতি মমতার?
২০২৫ সালে সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী রায়ে বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থীদের বিচার বিভাগীয় পরিষেবার জন্য অযোগ্য বলা যাবে না। সেই রায়ই থানিয়ার পথকে আরও সুগম করে।
মাত্র ২৪ বছর বয়সী থানিয়া কান্নুর বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি-তে প্রথম হন। ব্রেইল ও স্ক্রিন-রিডিং সফটওয়্যারের সাহায্যে তিনি আইন পড়াশোনা চালিয়ে গিয়েছেন। পুরনো নথি পড়তে কিছু সমস্যা হলেও সব চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। কেরল হাইকোর্ট ইতিমধ্যেই নির্বাচিতদের তালিকা সরকারকে পাঠিয়েছে, শীঘ্রই নিয়োগপত্র জারি হওয়ার সম্ভাবনা।







