কলকাতা: সৌভাগ্য নাকি আগাম বিপদের সংকেত? এই দ্বন্দ্বকে কেন্দ্র করেই তৈরি হয়েছে নতুন বাংলা ছবি ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’ (Bhaggolokkhi Bumper)। ড্রামা (Drama) ও কমেডি (Comedy) ঘরানার এই ছবির গল্প ও পরিচালনায় রয়েছেন ঋষভ দত্ত (Rishav Datta)। প্রযোজনায় রয়েছে মোজোটেল এন্টারটেইনমেন্টস অ্যান্ড ডিস্ট্রিবিউশন্স, গ্রেম্যাটার ফিল্মস এবং ডেজিনিয়াক্স স্টুডিওস। প্রযোজক হিসেবে রয়েছেন এহেসাস কাঞ্জিলাল, ঋষভ দত্ত ও দেবাঙ্গো পাল।
গল্পের নায়ক নারায়ণ—পেশায় এক ডিজিটাল ঘটক। ব্যক্তিগত জীবনে ঋণ, হতাশা ও ভাঙা সম্পর্কের চাপে জর্জরিত নারায়ণের জীবন এক লটারির টিকিটে বদলে যায়। হঠাৎ পাওয়া বিপুল অর্থ যেন নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। তবে সেই সাফল্যের মধ্যেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। স্বপ্নে না বাস্তবে—নারায়ণের সামনে আবির্ভূত হন দেবী লক্ষ্মী। তাঁর উপস্থিতি যেন ইঙ্গিত দেয়, এই প্রাপ্তির পেছনে লুকিয়ে আছে গভীর কোনও রহস্য।
আরও পড়ুন: ভ্যালেন্টাইনের পর বেনারসে সোহিনীর ‘সোলো রোম্যান্স’, মুগ্ধ নেটদুনিয়া
পরবর্তী সময়ে একের পর এক বিপর্যয়, বিশ্বাসঘাতকতা এবং একটি চাঞ্চল্যকর খুন! এরকম ঘটনায় গল্প মোড় নেয় অন্যদিকে। আচমকা টাকা পাওয়ার আনন্দ রূপ নেয় নৈতিক সংকটে। ছবিতে কর্মফল, বিবেক এবং মানবিক সিদ্ধান্তের প্রশ্ন উঠে এসেছে ভিন্ন আঙ্গিকে।
এই ছবিতে অভিনয় করেছেন উন্মেষ গাঙ্গুলি, বিমল গিরি, স্বরলিপি ঘোষ, চিরঞ্জিত চক্রবর্তী, সুরজিৎ মাল, সুব্রত সেনগুপ্ত, স্বাতী মুখার্জি, শান্তনু মজুমদার প্রমুখ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন শমিক গুহ রায়, সায়ন্তন মিস্ত্রি ও অনুষ্টূপ মজুমদার।
পরিচালক সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ছবির ভাবনা মাথায় আসে এবং ২০২৩ সালে চিত্রনাট্য সম্পূর্ণ হয়। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে ছবির কাজ এগিয়েছে। নির্মাতাদের দাবি, ‘ভাগ্যলক্ষ্মী বাম্পার’ কেবল ভাগ্য পরিবর্তনের গল্প নয়, বরং এটি আত্মজাগরণ ও নৈতিকতার এক সমকালীন উপাখ্যান।







