ওয়েব ডেস্ক: বিশ্বজয়ের উচ্ছ্বাস এখনও টাটকা। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে নেই বিরাম। টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup 2026) শেষ হতেই বেজে গিয়েছে আইপিএল-এর দামামা। মাঝে কিছুদিনের ছুটি, আর এই ফাঁকে এখন কিছুটা বিশ্রামের সময় কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ আবার পাড়ি দিয়েছেন তীর্থস্থানে। একনজরে দেখে নিন টিম ইন্ডিয়ার বিশ্বজয়ীরা এখন কে কোথায় রয়েছেন।
- সঞ্জু স্যামসন: দলের উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson) বিশ্বকাপ জয়ের পর ফিরে গিয়েছেন নিজের শহর তিরুঅনন্তপুরমে। পরিবারের সঙ্গে আপাতত কাটাচ্ছেন তিনি।
- অভিষেক শর্মা: দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) বিশ্বকাপ জয়ের আনন্দ নিয়ে পৌঁছে গিয়েছেন জম্মু-কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে। তাঁর কাছে এই সফর শুধু ভ্রমণ নয়, বিশ্বাস ও ভক্তির প্রকাশ।
- ঈশান কিষান: টি-২০ বিশ্বকাপ জয়ের পর ছুটির মেজাজে রয়েছেন ঈশান কিষানও (Ishan Kishan)। ট্রফি জিতে তিনি ফিরে গিয়েছেন নিজের শহর পাটনায়। আপাতত পরিবারের সঙ্গে সময় কাটালেও কয়েকদিনের মধ্যেই আইপিএলের প্রস্তুতিতে ফিরবেন ঈশান।
- সূর্যকুমার যাদব: ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) বিশ্বজয়ের রাতেই পৌঁছে যান আহমেদাবাদের হনুমান টেকরি মন্দিরে। তাঁর সঙ্গে ছিলেন কোচ গৌতম গম্ভীর এবঙ্গ জয় শাহ। সেখান থেকে ট্রফি নিয়ে গান্ধীনগরের আদালজ নি বা বাওড়িতে ফটোশুটও করেন তিনি। বর্তমানে নিজের শহর মুম্বইয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সূর্যকুমার।
আরও পড়ুন: রকমারি পাহাড়ি খাবার, অতিথিদের জন্য এলাহি ব্যবস্থা কুলদীপের বিয়েতে কেমন আয়োজন?
- হার্দিক পান্ডিয়া: টি-20 বিশ্বকাপ জয়ের পর মাঠেই প্রেমিকা মাহিকা শর্মাকে ‘মিসেস’-এর মর্যাদা দেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এরপর দু’জনে মুম্বইয়ে ফিরেছেন। যদিও সম্প্রতি তাঁদের সমুদ্রসৈকতে ছুটি কাটাতে দেখা গেলেও ঠিক কোথায় রয়েছেন, তা জানা যায়নি।
- তিলক বর্মা: বিশ্বকাপ জয়ের পর পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিলক বর্মা (Tilak Varma)। খেতাব জয়ের পর থেকেই স্টাইল স্টেটমেন্টে নজর কেড়েছেন তিনি। ইতিমধ্যে তাঁর হাতের ট্যাটু ভক্তদের নজরে এসেছে।
- শিবম দুবে: বিশ্বজয়ের পর ট্রেনে চেপে আন্ধেরির বাড়িতে ফিরেছেন শিবম দুবে (Shivam Dube)। ফিরে সন্তানের গলায় তিনি বিশ্বজয়ের মেডেল পরিয়ে দেয়, যা মুহূর্তে আবেগঘন হয়ে ওঠে।
- অক্ষর প্যাটেল: অলরাউন্ডার অক্ষর প্যাটেল (Axar Patel) গুজরাতের নাদিয়াদে নিজের বিলাসবহুল বাড়ি ‘হাকশ ভিলা’-তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। বিশ্বজয়ের আনন্দ পরিবারের সান্নিধ্যে যেন আরও পূর্ণতা পেয়েছে তাঁর কাছে।
- অর্শদীপ সিং: দলের বাঁহাতি পেসার অর্শদীপ সিং (Arshdeep Singh) ফিরে গিয়েছেন মোহালির বাড়িতে। দীর্ঘ টুর্নামেন্টের চাপ কাটিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
- বরুণ চক্রবর্তী: বিশ্বজয়ের পর ভারতীয় দলের স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) তামিলনাড়ুর তিরুভন্নামালাইয়ে পৌঁছে সতীর্থ ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অরুণাচল পাহাড় ঘিরে প্রায় ১৪ কিলোমিটার ‘গিরিভালম’ পদযাত্রা করেন। পরে অরুণাচলেশ্বর মন্দিরে প্রার্থনাও করেন তিনি।
- জসপ্রীত বুমরা: ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) টি-২০ বিশ্বকাপ জয়ের পর আইপিএলের আগে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বুমরা।
দেখুন আরও খবর:







