কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর বড় উপহার পেল পশ্চিমবঙ্গ (West Bengal)। আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে কলকাতায় (Kolkata)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতিতেই শহরে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ঘোষণার পর থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে জোরকদমে।
সূত্রের খবর, রেড রোড ও সংলগ্ন এলাকায় হতে পারে মূল অনুষ্ঠান। লক্ষাধিক মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বুধবার মধ্যপ্রদেশের খাজুরাহোয় আয়োজিত ‘যোগ মহোৎসব ২০২৬’-এ কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব আনুষ্ঠানিকভাবে কলকাতার নাম ঘোষণা করেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ২৫ দিনের কাউন্টডাউন কর্মসূচির সূচনায় তিনি জানান, ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের শহর কলকাতাতেই এ বার হবে মূল অনুষ্ঠান।
আরও পড়ুন: ঝড়ের দাপটে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ৬ শ্রমিক
এ বছরের যোগ দিবসের মূল ভাবনা রাখা হয়েছে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’। আয়ুষ মন্ত্রকের বক্তব্য, বয়স বাড়ার সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব ক্রমশ বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগচর্চাকে দেশের প্রত্যন্ত এলাকাতেও পৌঁছে দেওয়ার কাজ চলছে বলেও দাবি কেন্দ্রের।
কলকাতায় এই আয়োজনের খবর ছড়াতেই উচ্ছ্বাস ছড়িয়েছে যোগপ্রেমীদের মধ্যে। সম্প্রতি নবান্নে যোগবিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কলকাতায় মূল অনুষ্ঠান আয়োজনের ইঙ্গিত দিয়েছিলেন।
ক্রীড়াভারতীর প্রদেশ সম্পাদক বিভাস মজুমদার বলেন, “অনেক দিন ধরেই কলকাতায় মূল অনুষ্ঠান করার দাবি ছিল। এবার সেই সুযোগ এল।” যোগ দিবস উদযাপন কমিটির সম্পাদক ডক্টর অভিজিৎ ঘোষের মতে, “২১ জুন কলকাতার জন্য ঐতিহাসিক দিন হতে চলেছে।”
এদিন ‘যোগ সঙ্গম পোর্টাল’-এর নতুন সংস্করণ এবং ‘যোগ পার্ক পোর্টাল’-এরও উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি ‘যোগ ৩৬৫ অভিযান’-এর আওতায় লক্ষাধিক মানুষ ইতিমধ্যেই যোগ প্রশিক্ষণে অংশ নিয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র।







