ওয়েব ডেস্ক : কলকাতা মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইনে পরিষেবা সম্প্রসারণের অপেক্ষা। রেল সুরক্ষা কমিশনের ছাড়পত্র মিললেই যে কোনও দিন সেক্টর ফাইভ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে। এত দিন এই রুটে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পরিষেবা চালু ছিল। নতুন করে যুক্ত হতে চলেছে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার স্টেশন। তবে এই সম্প্রসারণের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কাড়ছে মেট্রোর স্বয়ংক্রিয় পরিচালন ব্যবস্থা।
এই ব্যবস্থায় কেবিনে মোটরম্যান থাকলেও ট্রেন চালানোর দায়িত্ব থাকবে প্রযুক্তির হাতে। অর্থাৎ মেট্রো চলবে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে। রেল পরিবহণের পরিভাষায় এই প্রযুক্তির নাম অটোমেটিক ট্রেন অপারেশন। ফলে চালকের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে ট্রেন।
আরও খবর : ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি অভিষেকের
শুধু অরেঞ্জ লাইন নয়, গ্রিন লাইনেও এই প্রযুক্তি চালুর প্রস্তুতি রয়েছে। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে যে কোনও দিন অটোমেটিক ট্রেন অপারেশন চালু হতে পারে। ফলে কলকাতা মেট্রোর পরিষেবায় স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।







