ওয়েব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) ভেঙে দেওয়ার আবেদন করল সিবিআই। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, সিটের হাতে থাকা একাধিক মামলার তদন্ত ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলিতে চূড়ান্ত চার্জশিটও জমা পড়েছে। ফলে যে উদ্দেশ্যে এই বিশেষ দল তৈরি করা হয়েছিল, তা পূরণ হয়েছে বলে দাবি সিবিআইয়ের (CBI)।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য ২০১৯ সালে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নির্দেশে প্রথম সিট গঠন করা হয়েছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলের সদস্যদের বদলি করা যাবে না বলেও সেই সময় নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আরসি ৬ এবং এসএসসি সংক্রান্ত আরসি ২, আরসি ৩, আরসি ৪ ও আরসি ৫ মামলার তদন্ত শেষ করে চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই।
সিবিআইয়ের বক্তব্য, উল্লিখিত মামলাগুলির তদন্ত সম্পূর্ণ হয়ে যাওয়ায় সিটের নির্দিষ্ট দায়িত্বও শেষ হয়েছে। বর্তমানে এই বিশেষ তদন্তকারী দলের হাতে নতুন করে তদন্ত করার মতো কোনও মামলা নেই। তাই সিট ভেঙে দেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, একই আধিকারিকদের অন্য গুরুত্বপূর্ণ মামলার তদন্তে কাজে লাগানোর প্রয়োজন রয়েছে। সিবিআই আরও জানিয়েছে, এসআইটির প্রায় ১২ জন সদস্যকে দ্রুত নতুন মামলা এবং তদন্তের দায়িত্ব দেওয়া জরুরি হয়ে পড়েছে।







