কলকাতা: যানজট কমানো থেকে শিল্পের গতি বাড়ানো, একাধিক লক্ষ্য নিয়ে কলকাতাকে (Kolkata) ঘিরে তৈরি হতে চলেছে মেগা ‘আউটার রিং রোড’ (Outer Ring Road)। দিল্লি (Delhi) ও বেঙ্গালুরুর (Bangalore) ধাঁচে কলকাতার চারপাশে বৃত্তাকার এই সড়ক তৈরির প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। প্রস্তাবিত এই প্রকল্পের সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা রাইটসকে (RITES)। পুজোর পর শুরু হতে পারে সমীক্ষার কাজ।
প্রস্তাবিত রিং রোডের আওতায় থাকছে কলকাতা-সহ পাঁচটি জেলা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। এই প্রকল্পের মাধ্যমে কলকাতার যানবাহনের চাপ কমানোর পাশাপাশি পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।
আরও খবর : কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদি
পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা, ডায়মন্ডহারবার রোড, আমতলা, বারুইপুর, সোনারপুর, বাসন্তী হাইওয়ে হয়ে রুটটি যাবে উত্তর ২৪ পরগনার টাকি রোড, বসিরহাট, কল্যাণী এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে নিবেদিতা সেতু পর্যন্ত। এরপর হুগলির ডানকুনি এবং হাওড়ার পাঁচলার জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে এই রিং রোড।
প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি নতুন সেতু নির্মাণ অথবা গঙ্গার নিচ দিয়ে বড় টানেল পথ তৈরি। পাশাপাশি গঙ্গার পূর্ব পাড় ধরে দ্বিতীয় হুগলি সেতু থেকে দক্ষিণেশ্বরের কাছে নিবেদিতা সেতু পর্যন্ত চার লেনের বিশেষ করিডর তৈরির পরিকল্পনাও রয়েছে।
প্রশাসনের দাবি, এই রিং রোড তৈরি হলে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া-সহ বিভিন্ন এলাকার গাড়ি কলকাতার মূল শহরের যানজট এড়িয়ে দ্রুত হাওড়া হয়ে বিহার, ওড়িশা এবং দেশের অন্য প্রান্তে পৌঁছতে পারবে।
রাইটস সংস্থার বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবি, ড্রোন এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে এলাকার ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (DPR) তৈরি করবেন। প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন কম হবে বলেও দাবি করা হয়েছে।
রাজ্য সরকারের আশা, এই রিং রোড শুধু কলকাতার যান চলাচল সহজ করবে না, বরং শিল্প, বাণিজ্য এবং পণ্য পরিবহণের ক্ষেত্রেও নতুন গতি আনবে।







