কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) মুখোমুখি কামারহাটির (Kamarhati) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। বুধবার বিকেলে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা তাঁর। সকাল থেকেই তাঁকে ঘিরে ছিল জল্পনা, শেষ পর্যন্ত বেলা ১১টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিজেই জানান, প্রথমে কামারহাটির বাড়িতে যাবেন, পরে দক্ষিণেশ্বর হয়ে বিকেলের দিকে ইডি দপ্তরে পৌঁছবেন।
চেনা ‘রঙিন’ মেজাজের মদন মিত্রকে এদিন কিছুটা অন্যরকম দেখিয়েছে বলে দাবি সূত্রের। সাধারণত হাসিমুখে, সানগ্লাস পরে দেখা গেলেও এদিন তাঁর চোখে ছিল না সেই পরিচিত সানগ্লাস। সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছুটা বিরক্তিও প্রকাশ করেন তিনি। তদন্ত প্রসঙ্গে তাঁর বক্তব্য, “আমি সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। ইডি ডেকেছে, যা নথি নিয়ে যেতে বলেছে, সবই নিয়ে যাব।”
আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন
পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যদেরও তলব করেছে ইডি। এর আগে তাঁর দুই ছেলে শুভরূপ মিত্র ও স্বরূপ মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে হাজিরা দেন তাঁর স্ত্রী অর্চনা মিত্রও। এবার তদন্তকারীরা সরাসরি মদন মিত্রের কাছ থেকে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে চান বলে খবর।
ইডির দাবি, টিটাগড় পুরসভায় আর্থিক লেনদেনের মাধ্যমে একাধিক চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত করতে গিয়ে মদন মিত্রের নাম সামনে আসে। তদন্তের অংশ হিসেবে তাঁর বাড়ি, অফিস-সহ একাধিক জায়গায় তল্লাশিও চালানো হয়েছিল। নিয়োগের বিনিময়ে কোনও বেআইনি আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তাঁর কাছে ব্যাঙ্ক নথি-সহ বেশ কিছু তথ্য চাওয়া হতে পারে বলে সূত্রের খবর।
এর আগে পরিবারের সদস্যদের ইডি তলব ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। মদন মিত্র জানিয়েছিলেন, তদন্তে তিনি সহযোগিতা করবেন। এখন নজর, ইডি দপ্তরে হাজিরার পর তাঁর বক্তব্য কী হয় এবং তদন্ত কোন দিকে এগোয়।







