কলকাতা: এক বছর পেরিয়েও স্বাভাবিক হল না কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Najrul Islam)। প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ার পর ২০২৫ সালের ২৮ জুলাই থেকে এই স্টেশন দিয়ে মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধ রয়েছে। দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ এই টার্মিনাল স্টেশনের বদলে এখন ব্লু লাইনের শেষ স্টেশন হিসেবে ব্যবহার করা হচ্ছে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনকে (Khudiram Metro Station)।
প্রথম দিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল, দ্রুত মেরামতির কাজ শেষ করে কয়েক মাসের মধ্যেই পরিষেবা চালু করা সম্ভব হবে। কিন্তু এক বছর পরেও পরিস্থিতি বদলায়নি। মেট্রো সূত্রে খবর, নতুন স্টেশনের নকশা তৈরির কাজ শেষ হয়েছে। তবে সম্পূর্ণ নির্মাণকাজ শেষ করে যাত্রী পরিষেবা চালু করতে আরও প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে।
আরও খবর : জেল হেফাজতের নির্দেশ বদল, ধর্মতলা কাণ্ডে ধৃত ১৬ জনেরই মিলল জামিন
সব ঠিক থাকলে ২০২৭ সালের এপ্রিল বা মে মাসে ফের কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম, ছাউনি ও রেললাইন সরিয়ে নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন নকশায় বদলে যাবে স্টেশনের চেহারাও। আগের মতো একসঙ্গে ছাউনি না রেখে দুই প্ল্যাটফর্মের জন্য আলাদা ছাউনি তৈরির পরিকল্পনা রয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, নতুন প্ল্যাটফর্ম তৈরির জন্য প্রয়োজনীয় ৮০টি গভীর পাইলের মধ্যে তিনটির কাজ সম্পন্ন হয়েছে। বর্ষার কারণে আগামী কয়েক মাস কাজের গতি কিছুটা কমতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
এদিকে নিউ গড়িয়া এলাকার যাত্রীদের এখনও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ধরতে হচ্ছে। কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় যাতায়াতে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। সমস্যা কমাতে শহিদ ক্ষুদিরাম স্টেশনের পাশে নতুন অটোস্ট্যান্ড তৈরি করা হয়েছে।
মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান জানিয়েছেন, দ্রুতগতিতে পুনর্নির্মাণের কাজ চলছে। তবে পুরো কাজ শেষ করে পরিষেবা চালু হতে ২০২৭ সালের এপ্রিল মাস পর্যন্ত সময় লাগতে পারে। ফলে আরও কয়েক মাস দক্ষিণ কলকাতার যাত্রীদের ভরসা সেই শহিদ ক্ষুদিরাম স্টেশনই।







