ওয়েব ডেস্ক : টানা বৃষ্টির (Rain) জেরে বিপর্যস্ত মহারাষ্ট্র (Maharastra)। তার জেরে সোমবার ভোরে পুণে (Pune) জেলার মাভাল এলাকার পাতান গ্রামে আকস্মিক ভূমিধসে (Landslide) মুহূর্তের মধ্যে মাটি ও পাথরের স্তূপের নিচে চাপা পড়ে যায় একাধিক বাড়ি। ঘটনায় অন্তত ৩৫ জন এখনও নিখোঁজ বলে সূত্রের খবর। উদ্ধারকাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনায় তিনজনের দেহ উদ্ধার হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যাচ্ছে, রবিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির (Rain) পর ভোর সাড়ে চারটে নাগাদ পাহাড়ের একটি বড় অংশ ভেঙে গ্রামের উপর নেমে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই পাঁচটিরও বেশি বাড়ি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকার্য।
আরও খবর : শববাহী গাড়ি না মেলায় স্ত্রীর দেহ বাইকে চাপিয়ে বাড়ি, ওড়িশার ঘটনায় তীব্র ক্ষোভ
ধসের প্রভাব পড়েছে রাজ্যের যোগাযোগ ব্যবস্থাতেও। ভূমিধস (Landslide) এবং জল জমে যাওয়ার কারণে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ও পুরনো মুম্বই-পুণে মহাসড়কের একাধিক অংশে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। একই সঙ্গে নাগরিকদের সরকারি ট্র্যাফিক নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।
শুধু পুণে নয়, প্রবল বর্ষণে কার্যত নাজেহাল গোটা মহারাষ্ট্র (Maharastra)। মুম্বই-সহ বিভিন্ন জেলায় বাড়ি ভেঙে পড়া, গাছ উপড়ে যাওয়া এবং জলমগ্ন অবস্থার কারণে ইতিমধ্যেই একাধিক প্রাণহানির খবর মিলেছে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সেই কারণে রাজ্যের একাধিক জেলায় জারি রয়েছে রেড অ্যালার্ট, আর প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দেখুন অন্য খবর :







