কলকাতা: অ্যাপ ক্যাব বুক (App Cab Booking) করতে গেলেই কি দিতে হবে বাড়তি টাকা? টিপস না দিলে বুকিং মিলবে না, এমন অভিযোগ দীর্ঘদিনের। এ বার সেই প্রবণতা বন্ধ করতে কড়া পদক্ষেপ করল কেন্দ্র। উবের (Uber), র্যাপিডো (Rapido), ওলার (OLA) মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলিকে বুকিংয়ের আগে টিপস চাওয়ার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
বর্তমানে একাধিক অ্যাপের ক্ষেত্রে ক্যাব বুক করার সময়ই অতিরিক্ত টিপস দেওয়ার অপশন দেখা যায়। ২০ টাকা থেকে ১০০ টাকা বা তারও বেশি অর্থ অতিরিক্ত হিসাবে দেওয়ার সুযোগ থাকে। অভিযোগ, অনেক ক্ষেত্রে টিপস দিতে রাজি যাত্রীদের বুকিং আগে গ্রহণ করেন চালকেরা। কখনও আবার যাত্রীকে ফোন করে বাড়তি টাকা দেওয়ার জন্য বলা হয়। ফলে দ্রুত গাড়ি পাওয়ার আশায় বাধ্য হয়েই অতিরিক্ত টাকা দিতে হয় অনেককে।
আরও খবর : পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, সুজিত বসুর বিরুদ্ধে বিস্ফোরক দাবি ইডির
কেন্দ্রের বক্তব্য, বুকিং নিশ্চিত হওয়ার আগেই এ ভাবে টিপস চাওয়ার ব্যবস্থা গ্রাহকস্বার্থের পরিপন্থী। সড়ক পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘অ্যাডভান্স টিপ’ বা ‘চুজ অ্যাড অন’-এর মতো কোনও বিকল্প বুকিংয়ের আগে রাখা যাবে না। টিপসের ব্যবস্থা রাখতে হলে যাত্রা শেষ হওয়ার পর সেই সুযোগ দেওয়া যেতে পারে।
শুধু তাই নয়, বেশি টিপস দিলে দ্রুত বুকিং মিলবে বা চালক বাড়তি টাকা পেলে তাড়াতাড়ি বুকিং নিশ্চিত করবেন, এমন কোনও বার্তাও অ্যাপগুলিতে দেওয়া যাবে না বলে স্পষ্ট করেছে কেন্দ্র।
এর আগে বিষয়টি নিয়ে ক্রেতাসুরক্ষা বিভাগের তরফেও উবের, র্যাপিডো, ওলা-সহ একাধিক সংস্থাকে নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, তার পরেও বুকিংয়ের আগেই টিপস দেওয়ার ব্যবস্থা চালু ছিল।
কেন্দ্রের এই পদক্ষেপে যাত্রীদের অতিরিক্ত অর্থ দেওয়ার চাপ কমবে বলেই মনে করা হচ্ছে। তবে টিপস না পেলে বুকিং বাতিল করার প্রবণতা চালকদের মধ্যে আরও বাড়তে পারে কি না, তা নিয়েও আশঙ্কা থাকছে।







