ওয়েব ডেস্ক : নেপালের ভয়াবহ বন্যা ও হড়পা বানের মধ্যে নিখোঁজদের তালিকায় এবার নাম উঠে এল ইনফোসিস পাবলিক সার্ভিসেজ (Infosys Public Services)-এর প্রধান ল্যাক্স গোপিসেট্টি’র (Lax Gopisetty)। শুক্রবার সংস্থার তরফে জানানো হয়েছে, ব্যক্তিগত কাজে নেপাল সফরে থাকা গোপিসেট্টির সঙ্গে বর্তমানে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না।
ইনফোসিস জানিয়েছে, গোপিসেট্টির নিরাপত্তা ও সুস্থতার বিষয়টিই এই মুহূর্তে সংস্থার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি তাঁর পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছে সংস্থা এবং প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
আরও খবর : কিয়েভের কাছে রাতভর রুশ ড্রোন হামলা, বুচায় প্রাণ গেল অন্তত ২৭ জনের
ইনফোসিস পাবলিক সার্ভিসেজ (Infosys Public Services) মূলত আমেরিকা ও কানাডার সরকারি ক্ষেত্রের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, ল্যাক্স গোপিসেট্টি স্ট্র্যাটেজি, প্রযুক্তি, অপারেশন এবং ট্রান্সফরমেশন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এর আগে ইনফোসিস (Infosys)-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং Accenture-এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি।
এদিকে নেপালের ভয়াবহ বন্যায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অন্তত ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পাশাপাশি চিনের দিকেও প্রায় ৪০০ ভারতীয় আটকে রয়েছেন, যদিও তাঁদের নিরাপদে থাকার কথা জানানো হয়েছে। নেপালে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে ভারত।







