HomeScrollহরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ১১ ভারতীয়র মধ্যে উদ্ধার ১০, এখনও নিখোঁজ ১
Strait of Hormuz

হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ১১ ভারতীয়র মধ্যে উদ্ধার ১০, এখনও নিখোঁজ ১

উত্তেজনা কমানোর আহ্বান ভারতের

ওয়েব ডেস্ক : ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ জন ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘জিএফএস গ্যালাক্সি’ (GFS Galaxy)-তে হামলার পর আগুন লেগে যায়। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজ নাবিকের খোঁজে কাজ করছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করছে। হামলার পর থেকে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা অবিলম্বে কমানোর আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।

আরও খবর : ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, প্রাণ হারালেন অন্তত ১৫ ভারতীয় পর্যটক!

ইরানের দাবি, অনুমোদিত নৌপথ ব্যবহার না করায় জাহাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হামলার পর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। এর জেরে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং তেল পরিবহণ নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে, এই ঘটনার পর ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক হামলা শুরু করেছে আমেরিকা। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে।

ভারত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন এবং হরমুজ প্রণালী-সহ আন্তর্জাতিক জলপথে স্বাভাবিক নৌচলাচল দ্রুত পুনরুদ্ধার করার উপর জোর দিয়েছে ভারত। নিখোঁজ ভারতীয় নাবিকের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News