HomeScrollপ্রথম রঞ্জি এল ভূস্বর্গে! প্রতিকূলতাকে জয় করে ইতিহাস লিখল জম্মু-কাশ্মীর
Ranji Trophy

প্রথম রঞ্জি এল ভূস্বর্গে! প্রতিকূলতাকে জয় করে ইতিহাস লিখল জম্মু-কাশ্মীর

হাজারো বাধা-বিপত্তি পেরিয়ে জম্মু-কাশ্মীরের রঞ্জি জয়ের গল্পটা অনুপ্রেরণা দেবে আপনাকেও

ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায় লিখল জম্মু ও কাশ্মীর (Jammu & Kashmir Cricket Team)। প্রথমবার রঞ্জি (Ranji Trophy) চ্যাম্পিয়ন হল ভূস্বর্গের ক্রিকেট দল। ফাইনালে শক্তিশালী কর্নাটককে (Karnataka Cricket Team) তাদেরই ঘরের মাঠে হারিয়ে ট্রফি জিতল উপত্যকার ক্রিকেটারেরা। এর আগে যে দল কখনও রঞ্জির সেমিফাইনালেও উঠতে পারেনি, তারা এবার নকআউট পর্বে মধ্যপ্রদেশ, বাংলা ও কর্নাটকের মতো শক্ত প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা জিতে নিল। রঞ্জির ইতিহাসে এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী অধ্যায়।

রঞ্জির ফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল জম্মু-কাশ্মীরের হাতে। প্রথম ইনিংসে তারা তোলে ৫৮৪ রান। জবাবে কর্নাটক থামে ২৯৩ রানে। ২৯১ রানের বিশাল লিড পেয়ে কার্যত ম্যাচ নিজেদের পকেটে পুরে ফেলেন অধিনায়ক পরশ দোগরারা। ফলো-অন করানোর সুযোগ থাকলেও ঝুঁকি না নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দল। লক্ষ্য ছিল একটাই, ঐতিহাসিক সাফল্য নিশ্চিত করা।

আরও পড়ুন: পিতৃশোক ভুলে ডিউটিতে ফিরছেন রিঙ্কু! মনে করিয়ে দিচ্ছেন ১৯৯৯-এর শচীনকে

দ্বিতীয় ইনিংসে ১১ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ম্যাচে ফেরার আশা শেষ করে দেন ওপেনার কামরান ইকবাল। এক প্রান্ত আগলে রেখে তিনি অপরাজিত ১৬০ রান করেন। ছ’নম্বরে নামা সাহিল লোতরা করেন ১০১ রানের অপরাজিত ইনিংস। তাঁদের ১৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে জম্মু-কাশ্মীর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৪ উইকেটে ৩৪২ রানে। ফলে কর্নাটকের সামনে লক্ষ্য দাঁড়ায় কার্যত অসম্ভব ৬৩৩ রান। পঞ্চম দিনের চা-বিরতির আগেই স্পষ্ট হয়ে যায়, আর প্রত্যাবর্তন সম্ভব নয়। হার মেনে নেয় কর্নাটক।

এবার রঞ্জিতে কর্নাটক ছিল অন্যতম ফেভারিট। দলে ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা একাধিক তারকা—লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, প্রসিদ্ধ কৃষ্ণ-র মতো ক্রিকেটার। কিন্তু ঘরের চেনা পিচেও জম্মু-কাশ্মীরের সামনে কার্যত অসহায় দেখিয়েছে তাঁদের। ব্যাট-বলে সমান দক্ষতায় প্রতিপক্ষকে চাপে রেখেছে উপত্যকার দল।

এদিকে জম্মু-কাশ্মীরে অত্যাধুনিক পরিকাঠামো নেই। পর্যাপ্ত কোচিং ক্যাম্প, অ্যাকাডেমি বা ক্লাব ক্রিকেটের সুযোগও সীমিত। বছরের অনেকটা সময় আবহাওয়া অনুকূল থাকে না। সেই সব প্রতিবন্ধকতা সত্ত্বেও নিজেদের জেদ, পরিশ্রম ও দলগত মানসিকতার জোরে ৬৭ বছরের অপেক্ষার অবসান ঘটাল উপত্যকার ক্রিকেট। তাই এই জয় শুধু একটি ট্রফি জয় নয়, বরং এটি প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে স্বপ্নপূরণের এক অনুপ্রেরণার গল্প।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News