ওয়েব ডেস্ক : মহালয়ায় নয়, পুজোর মধ্যেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রাথমিক পরিকল্পনা ছিল, ১০ অক্টোবর মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। কিন্তু সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে বলে খবর। সূত্রের খবর, মহালয়ার বদলে সপ্তমীর (Saptami) দিন রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।
এক পর অষ্টমীর দিন বেলুড় মঠে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তাঁর। সেখানে কুমারী পুজো দেখার পাশাপাশি পুষ্পাঞ্জলি দিতে পারেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর দফতরের তরফে এখনও এই সফর নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে কর্মসূচির চূড়ান্ত রূপরেখা এখনও স্পষ্ট নয়।
আরও খবর : এসআইআরে বাদ পড়া ভোটারদের নাম ফেরানোর তোড়জোড়! বাড়ি বাড়ি গিয়ে ফর্ম-৬ পূরণ করাবেন বিএলওরা
মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে বড়সড় অনুষ্ঠানের পরিকল্পনা ছিল। চক্ষুদানের মাধ্যমে দুর্গাপুজোর সূচনা, তার আগে রোড শো এবং রেড রোড ধরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বাংলার ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যশৈলী তুলে ধরার পরিকল্পনাও রয়েছে। এছাড়া আরও অনেক অনুষ্ঠান রয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। এমনকি চক্ষুদানের পর গাড়িতে করে গোটা স্টেডিয়াম প্রদক্ষিণের পরিকল্পনাও করা হয়েছিল। সূত্রের খবর, মহালয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পরিবর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে সিএবি কর্তাদের বৈঠকেও প্রধানমন্ত্রীর সফরসূচি পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে বলে খবর। এদিকে সপ্তমীর দিন প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন বলে খবর।







