ওয়েবডেস্ক- উত্তরবঙ্গ থেকে আজ প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে দক্ষিণের জেলাগুলির দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিষেক। একের পর এক সভা করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথরপ্রতিমার পর মেদিনীপুরে (Midnapore) দাসপুর (Daspur) থেকে বিজেপিকে উৎখাৎ করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
উন্নয়নের খতিয়ান তুলে ধরে নির্বাচনী সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে আমার সামনে ১০-০ গোলে মাঠের বাইরে বের করে নেব। বিজেপি নেতাদের পুরনো কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, কালীপদ সেনগুপ্ত বলেছিলেন ৩ জানুয়ারি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন। হয়েছে কী? বিজেপি কি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে?
নারীদের সম্মানহানি ও ঘরে তালা বন্ধ করে রাখার হুমকি প্রসঙ্গ টেনে এনে তিনি আক্রমণাত্মক সুরে বলেন, যারা মহিলাদের ঘরে তালা বন্ধ করে রাখার কথা বলেছিল, বিজেপি তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি। আত্মবিশ্বাসের সুরে বলেন, জয় শুধু সময়ের অপেক্ষা। এদিন তিনি গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পাশে থাকার জন্য দাসপুরের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
আরও পড়ুন- দাসপুরের জনসভায় বিস্ফোরক অভিষেক! দেখুন সরাসরি
এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি জানান, পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পে এলাকার রাস্তাঘাটের উন্নতির জন্য সরকার ইতিমধ্যেই ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী ৬ মাসের মধ্যে স্থানীয় ‘গোল্ড হাব’-কে সম্পূর্ণ সচল করার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার ।
অভিষেক বলেন, স্থানীয় মানুষের সুবিধার্থে বাড়তি পুলিশ স্টেশন তৈরির বিষয়টিও অগ্রাধিকার পাবে। এদিন অভিষেক মোদি সরকারের দিকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক পরিসংখ্যানের লড়াইয়ে নামার আহ্বান জানান। অভিষেক বলেন “ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন। গত ১৪ বছরে মোদি সরকার কী কাজ করেছে আর মা-মাটি-মানুষের সরকার কী কাজ করেছে, সেই সমস্ত কিছু তথ্য দিয়ে প্রমাণ করা হোক। আত্মবিশ্বাসের সুরে অভিষেক বলেন, উন্নয়নের নিরিখে বিজেপিকে পর্যুদস্ত করতে না পারলে নিজের নাম বদলে ফেলব। বিজেপির দিকে খোলা চ্যালেঞ্জ, যদি ১০-০ গোলে মাঠের বাইরে না বের করতে পারি, তবে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়।







