কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের মামলার শুনানি বুধবার দুপুর ১টায় হতে পারে। মামলাটি অন্য কোনও বিচারপতির বেঞ্চে পাঠানোর আশ্বাস দিয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
বুধবার আদালতে সুমিত রায়ের আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, ২৮ জুন বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে মামলার শুনানি হয়েছিল। মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই ওই দিন সুমিত রায়কে গ্রেফতার করতে পুলিশ তাঁর বাড়িতে যায়।
আরও পড়ুন: সস্তা হল এলপিজি, নতুন দাম কত জানেন?
আইনজীবীর বক্তব্য, মঙ্গলবার বিষয়টি আদালতের নজরে আনা হলে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি হয়। তখন জানানো হয়, নিয়মিত বেঞ্চেই মামলার শুনানি হবে। কিন্তু বুধবারও সেই নিয়মিত বেঞ্চ না বসায় শুনানি অনিশ্চিত হয়ে পড়ে। তিনি আরও জানান, মঙ্গলবার মামলায় অতিরিক্ত হলফনামাও গ্রহণ করা হয়েছে।
আদালতে সব্যসাচী ভট্টাচার্য দাবি করেন, বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ সুমিত রায় একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব্যক্তিগত সহায়ক (পিএ) হিসেবে কর্মরত।
আইনজীবীর বক্তব্য শোনার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, দুপুর ১টার মধ্যে মামলাটি অন্য কোনও বিচারপতির বেঞ্চে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।