ওয়েব ডেস্ক: পুণের (Pune) বহুচর্চিত কেতন বিশাল আগরওয়াল হত্যাকাণ্ডের (Ketan Murder Case) তদন্তে নতুন মোড়। তদন্তকারীদের নজরে এসেছে অভিযুক্ত সিয়া গোয়ালের (Siya Goyal) এক অজ্ঞাত পরিচয়ের ‘বন্ধু’। ওই ব্যক্তির সঙ্গে সিয়ার কথোপকথনের একটি চ্যাট প্রকাশ্যে আসার পরই তদন্তে নতুন প্রশ্ন উঠে এসেছে।
তদন্তকারী সূত্রের দাবি, ভাইরাল হওয়া চ্যাটে সিয়া এবং তাঁর ওই বন্ধুর মধ্যে সাংকেতিক ভাষায় কথাবার্তা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই কথোপকথনে সিয়ার প্রেমিক চেতন চৌধুরিও যুক্ত ছিলেন। যদিও ওই চ্যাটের সত্যতা এখনও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না।
উত্তরপ্রদেশে হাড়হিম করা ঘটনা ! তদন্তে পুলিশ – KolkataTV
প্রকাশ্যে আসা চ্যাটে দেখা যায়, সিয়া তাঁর বন্ধুকে বিমানের টিকিট কাটার জন্য আধার কার্ডের ছবি পাঠাতে বলেন। একই সঙ্গে একটি বার্তায় লেখা রয়েছে, “ওই বিয়ে কোনও দিন হবে না।” তদন্তকারীদের দাবি, কেতন আগরওয়ালের মৃত্যুর প্রায় তিন সপ্তাহ আগে এই কথোপকথন হয়েছিল। সেই কারণেই চ্যাটটিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারিতে সিয়া ও কেতনের বাগদান হয়েছিল এবং নভেম্বরে তাঁদের বিয়ের কথা ছিল। পরে সিয়া বিয়ে করতে না চাইলেও পারিবারিক চাপের কারণে সেই সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি বলে জেরায় দাবি করেছেন। তদন্তকারীদের অভিযোগ, এরপরই পরিকল্পনা করে কেতনকে হত্যার ছক কষেন তিনি। এই ঘটনায় সিয়ার প্রেমিক চেতন চৌধুরির বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চলছে।
তদন্তকারীরা এখন ভাইরাল চ্যাটের সত্যতা, অজ্ঞাত পরিচয়ের বন্ধুর ভূমিকা এবং ঘটনার সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।







