কলকাতা: মেট্রোয় নিয়ম ভাঙলে এবার গুনতে হবে আরও বেশি জরিমানা। যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা মেট্রোয় একাধিক ক্ষেত্রে কড়া নিয়ম চালু হতে চলেছে। বিনা টিকিটে যাত্রা, ধূমপান, অশালীন আচরণ কিংবা নিষিদ্ধ এলাকায় প্রবেশ, সব ক্ষেত্রেই বাড়ছে শাস্তির মাত্রা।
নতুন নিয়ম অনুযায়ী, বিনা টিকিটে মেট্রোয় ধরা পড়লে আগের ২৫০ টাকার পরিবর্তে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। শুধু টিকিট না থাকা নয়, কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্ব যাত্রা করলেও একই নিয়ম কার্যকর হবে। এমনকি গেট পার হওয়ার সময় অন্য কারও সঙ্গে একই টিকিটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও জরিমানার মুখে পড়তে পারেন যাত্রী।
আরও পড়ুন: ক্রিপ্টো থেকে চিটফান্ড, ভোরে রাজ্যজুড়ে ইডির তল্লাশি! – KolkataTV
মেট্রোর কামরা, স্টেশন চত্বর এবং ভূগর্ভস্থ এলাকায় ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই নিয়ম অমান্য করলে দিতে হবে ২ হাজার টাকা জরিমানা। জরিমানা দিতে অস্বীকার করলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে, যেখানে আরও বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে।
মদ্যপ অবস্থায় মেট্রোয় উঠে অন্য যাত্রীদের অসুবিধায় ফেললেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যাত্রীকে মেট্রো থেকে নামিয়ে দেওয়ার পাশাপাশি ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং প্রয়োজনে ২৪ ঘণ্টা পর্যন্ত কারাদণ্ডের নিয়ম রয়েছে।
এছাড়াও মেট্রো চত্বরে অশালীন ভাষা ব্যবহার, অসভ্য আচরণ বা অন্য যাত্রীদের সমস্যায় ফেললে ২৫০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির টিকিট বা পাস বাতিল করা হবে।
শুধু যাত্রী নয়, মেট্রো কর্মীদের জন্যও থাকছে কড়া বিধি। দায়িত্ব পালনকালে কোনও কর্মী মদ্যপ অবস্থায় ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কারাদণ্ড, জরিমানা অথবা উভয় শাস্তির ব্যবস্থা রয়েছে।
অনুমতি ছাড়া মেট্রো ট্র্যাক বা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলেও এবার থেকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। নিয়ম না মানলে আরও বড় শাস্তির মুখে পড়তে হতে পারে। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের সচেতন করতেই আগেভাগে বিভিন্ন স্টেশনে নতুন নিয়মের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য সকলকে নিয়ম মেনে চলার আবেদন জানিয়েছে কলকাতা মেট্রো।







