কাকদ্বীপ: দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) কাকদ্বীপ (Kakdwip) রেলস্টেশন সংলগ্ন এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন (Hawkar Eviction)। বুধবার বুলডোজার দিয়ে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একাধিক অস্থায়ী হকার স্টল এবং বস্তি ভেঙে দেওয়া হয়। অভিযানে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রশাসনের দাবি, সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। সেই জমি দখলমুক্ত করতেই এই অভিযান চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় প্রশাসনের সঙ্গে পুলিশও মোতায়েন ছিল, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
‘কারখানার গেটে তালা বা ভাঙচুর চলবে না’, শিল্পে আস্থা ফেরাতে কড়া বার্তা শুভেন্দুর
অন্যদিকে, উচ্ছেদ হওয়া হকার ও বাসিন্দাদের অভিযোগ, বহু বছর ধরে তাঁরা ওই এলাকায় ব্যবসা এবং বসবাস করে আসছেন। হঠাৎ উচ্ছেদের ফলে তাঁদের জীবিকা যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনই মাথা গোঁজার আশ্রয়ও হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই দাবি করেছেন, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করায় তাঁরা চরম সমস্যার মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্তদের বক্তব্য, সরকারি জমি দখলমুক্ত করার সিদ্ধান্ত প্রশাসনের হতে পারে, কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে বসবাস ও ব্যবসা করা মানুষদের জন্য পুনর্বাসনের ব্যবস্থাও করা উচিত। বিকল্প ব্যবসার জায়গা কিংবা বসবাসের উপযুক্ত ব্যবস্থা না হলে বহু পরিবার চরম সংকটে পড়বে বলেই তাঁদের আশঙ্কা।
প্রশাসনের তরফে এখনও পর্যন্ত পুনর্বাসন সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে উচ্ছেদ হওয়া পরিবার ও হকারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয় কি না, সেটাই দেখার।







