ওয়েব ডেস্ক: হায়দরাবাদে (Hyderabad) এক মহিলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বামী নওয়াজ (যিনি নিজেকে ‘নবদুর্গা’ নামে পরিচয় দিয়েছিলেন) এবং তাঁর পরিবারের বিরুদ্ধে প্রতারণা, ধর্ষণ, জোর করে ধর্মান্তর এবং আর্থিক শোষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন নির্যাতিতা। মহিলার অভিযোগ, ২০২১ সালে পরিচয়ের সময় অভিযুক্ত নিজেকে হিন্দু বলে দাবি করেন। নিজেকে ‘নবদুর্গা’ বলে পরিচয় দেন ওই মহিলার কাছে। সেই বিশ্বাসের ভিত্তিতেই তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরই পরিস্থিতি বদলে যায়। তাঁকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয় এবং নাম বদলে ‘নাজিরা’ রাখা হয় বলেও অভিযোগ।
নির্যাতিতার দাবি, বিয়ের আগে তাঁকে একটি রিসর্টে নিয়ে গিয়ে মাদক মিশিয়ে অজ্ঞান করা হয় এবং সেই অবস্থায় ধর্ষণ করা হয়। পরে আপত্তিকর ছবি দেখিয়ে বিয়েতে বাধ্য করা হয়। শুধু তাই নয়, বিয়ের পরেও নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা, হিমাচলে ৫০০ ফুট নীচে খাদে বাস, মৃত্যু কমপক্ষে চার পর্যটকের
পাশপাশি, আর্থিক প্রতারণার অভিযোগও তুলেছেন ওই মহিলা। তাঁর দাবি, অভিযুক্ত ও তার পরিবার মিলে তাঁর কাছ থেকে প্রায় ২৫-৩০ লক্ষ টাকা এবং সোনা হাতিয়ে নিয়েছে। তাঁর নামে ঋণ নেওয়া, ক্রেডিট কার্ড ব্যবহার এবং জমি বিক্রির মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ।
এছাড়াও, তাঁকে গর্ভপাত করতে বাধ্য করা, হুমকি দেওয়া এবং পরিবারকেও ভয় দেখানোর অভিযোগ করেছেন তিনি। নির্যাতিতার কথায়, অভিযোগ জানাতে পুলিশে গেলেও যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া তদন্ত ও ন্যায়বিচারের দাবি উঠেছে। তবে অভিযোগগুলি এখনও একতরফা, পুলিশি তদন্তের পরই পুরো সত্য সামনে আসবে।







